২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি টিভি'র নামে প্রতারণা, গ্রেপ্তার ৫

সংগীত প্রতিযোগিতার কথা বলে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে একটি কথিত বেসরকারি টেলিভিশনের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঠাকুরগাঁও, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগীত প্রতিযোগিতার কথা বলে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে একটি কথিত বেসরকারি টেলিভিশনের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা শিশু একাডেমী থেকে ১২ জনকে আটক করে। শনিবার তাদের মধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন কথিত বেসরকারি টেলিভিশন 'বি-মিউজিক'র চেয়ারম্যান মাহমুদ সাজ্জাদ, পরিচালক সাজ্জাদ রহমান, কর্মকর্তা শিমুল মাহমুদ, স্থানীয় প্রতিনিধি সুভাষ দেব ও বকুল রায়। শিশুদের অভিভাবকরা জানান, সরাসরি বেসরকারি টিভিতে সঙ্গীত প্রতিযোগিতা হবে বলে গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলে প্রচরণা চালায় বি-মিউজিক। 'গাঁও-গেরামের গান' শীর্ষক এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিল্পীদের প্রত্যেকের কাছ থেকে একশ' টাকা করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে প্রতিযোগিতায় আসা শিশুশিল্পী আকসানার বাবা আব্দুল কাদের জানান, নির্বাচিত সেরা দশ শিল্পীর জন্য অ্যালবাম, গাড়ি, বাড়ি, দেশ বিদেশে কনসার্টসহ নানা প্রলোভন দিয়ে প্রচারণা চালায় বেসরকারি টেলিভিশন'র দাবিদার বি-মিউজিক। শুক্রবার ছিলো প্রতিযোগিতার বাছাই পর্ব। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় হাজারখানেক শিল্পী জড়ো হয় ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমীতে। আব্দুর কাদের জানান, কিন্তু যে টিভি চ্যানেল এখনো চালুই হয়নি তার নামে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন দেখে অভিভাবকদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিল্পী সরলা বালা (৩৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছাত্রছাত্রীরা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে। কিন্তু শুক্রবার সকালে জানতে পারেন প্রতিষ্ঠানটি ভুয়া। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিল্পী ও অভিভাবকদের অভিযোগ পেয়ে শুক্রবার শিশু একাডেমীতে গিয়ে অডিশন বন্ধ করে দেওয়া হয়। পরে সেখান থেকে বি-মিউজিক নামে একটি 'অবৈধ' চ্যানেলের ১২ জনকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা বি-মিউজিক নামে কোনো বেসরকারি টেলিভিশনের কাগজপত্র দেখাতে পারেননি, বলেন পুলিশ কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোশাররফ হোসেন বলেন, শত শত শিল্পীকে নির্বাচিত দেখিয়ে সম্ভবত তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াই ছিলো প্রতারক চক্রটির উদ্দেশ্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মোশারফ হোসেন। বি-মিউজিকের চেয়ারম্যান পরিচয়দানকারী সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, "চ্যানেলের প্রচার কার্যক্রমের প্রয়োজনীয় সব প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি। এখন প্রচারের অপেক্ষায় আছি। আশাকরি, আগামী অক্টোবরের মধ্যে আমরা সম্প্রচারে যেতে পারবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৯ ঘ.