ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর, মানিকগঞ্জ, লক্ষীপুর বরিশাল ও নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় একজন গুলিবিদ্ধ ও ২৩ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় একটি টেক্সটাইল মিলে ডাকাতির সময় ডাকাতের হামলায় মিলের নিরাপত্তা প্রহরীসহ ২০ শ্রমিক আহত হয়েছে।
সোমবার ভোরে বিসমিল্লাহ টেক্সটাইল মিলে এ ডাকাতির ঘটনা ঘটে ।
আহতদের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিরপত্তা প্রহরী নুরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, সোমবার ভোরে উপজেলার বিসমিল্লাহ টেক্্রটাইল মিলে ২৫/৩০ জনের মুখোশধারী ডাকাতদল মিলে ঢুকে অস্ত্রের মুখে নিরপত্তা প্রহরী ও শ্রমিকদের হাত-পা বেঁধে ফেলে।
তারা বাধা দিলে ডাকাতরা মিলের উৎপাদন ব্যবস্থাপক মোকতার হোসেন, নিরাপত্তা প্রহরী নুরুুজ্জামান, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম, নুর আলম ও সোলায়মানসহ ২০ জনকে পিটিয়ে আহত করে।
বিসমিল্লাহ টেক্সটাইল মিলের ব্যবস্থাপক মোখলেছুর রহমান জানান, ডাকাতেরা মিলের অফিস কক্ষের আলমারী ভেঙে ১ লাখ ৪৫ হাজার টাকা, ১৫০ ব্যাগ সুতা, ২ হাজার গজ গ্রে কাপড়, যন্ত্রপাতি, ২৯টি মোবাইল সেট লুট করে একটি ট্রাকে তুলে নিয়ে যায়।
ডাকাতেরা মিলের সুতা, কাপড় ও যন্ত্রপাতিসহ প্রায় ৮০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে তিনি জানান।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতি করা মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের অভিযান চলছে।
মাদারীপুর প্রতিনিধি জানান, সোমবার বেলা ১১ টার দিকে মাদারীপুর শহরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে ধরে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলেন- আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের আমির হোসেন ফকির (৩৮) ও টেকেরহাট গ্রামের স্বপন খান (৩০)।
বাড়ির মালিক ইমাম হোসেন বলেন, ডাকাতরা তাদের ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে ২৫ ভরি সোনার গহনা, ২ লাখ ৪৭ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন সেট নিয়ে যায়।
মাদারীপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান বলেন, দুই ডাকাত ধরা পড়ার পর অন্যরা লুটের মাল নিয়ে পালিয়ে যায়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, শিবালয় উপজেলার ঢাকাইজোড়া গ্রামে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় ওই শিক্ষকের ছেলে শেখ ফরিদ (৩০) গুলিবিদ্ধ হন । আহত হয়েছেন আরো তিনজন।
রোববার রাতে ঢাকাইজোড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতরা ২০ ভরি সোনার গহনা, ৪০ ভরি রূপা, ৬০ হাজার টাকাসহ দু'টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে বলে শিক্ষক আলাউদ্দিন দাবি করেছেন।
তিনি জানান, রাত একটার দিকে ২০/২৫ জন সশস্ত্র ডাকাত তাদের বাড়িতে ঢুকে তাকে, তার স্ত্রী লতিফা বেগম ও মেয়ে কানিজ ফাতেমার হাত-পা বেঁধে পেটায়।
এ সময় তার ছেলে ফরিদ ডাকাতদের বাঁধা দিতে গেলে তারা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এরপর মালামাল নিয়ে পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ননীভূষণ তরফদার জানান, ফরিদের গায়ে চারটি গুলি লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া আহত শিক্ষক, তার স্ত্রী ও মেয়েকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
শিবালয় থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, "এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।"
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, কমলনগর উপজেলার রব বাজার এলাকা ও নোয়াখালীর সুধারাম উপজেলার আন্ডারচর এলাকা থেকে রোববার রাতে ডাকাত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুধারাম উপজেলার পশ্চিম আন্ডারচর গ্রামের ইসমাইল (৫৫), দক্ষিণ আন্ডারচরের সিরাজ (৫৫) ও কমলনগরের চরকাদিরা ইউনিয়নের নুরুল আলম (৩০)।
কমলনগর থানার ওসি শাহ আলম জানান, শনিবার রাতে কমলনগরের চরকাদিরার চরবসু গ্রামের শামছুদ্দিনের বাড়িতে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুধারাম থানার সহযোগিতায় কমলনগর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে তাদের জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।
লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেন্ডেট পরিতোষ ঘোষ জানান, সুধারাম ও কমলনগর থানা পুলিশ যৌথভাবে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে।
বরিশাল প্রতিনিধি জানান, বোরবার রাত আড়াইটার দিকে পুলিশ পরিচয়ে নগরীর কাউনিয়া বাগানবাড়ি এলাকার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর আলম সেন্টু ওই বাড়ির মালিক ছিলেন। তিনি কয়েক বছর আগে র্যাবের 'ক্রস ফায়ারে' নিহত হন।
ডাকাতরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে তার পরিবার দাবি করেছে।
সেন্টুর মা মমতাজ বেগম জানান, পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি তাদের ঘুম থেকে জাগিয়ে বলে, তাদের বাসায় এক সন্ত্রাসী আশ্রয় নিয়েছে বলে জানতে পেরেছে তারা।
তিনি গেট খুলে দিলে ডাকাতরা ঘরে ঢুকে মমতাজ ও তার বোনোর মেয়ের হাত-পা ও মুখ বেধে ফেলে। পরে আলমারি ভেঙে ১ লাখ ৪৭ হাজার টাকা ও ৭ ভরি গহনা নিয়ে যায়।
সকালে তার বোনের ছেলে রায়হান আহম্মেদ রাজু তাদের বাসায় এসে বাঁধন খুলে তাদের মুক্ত করেন। পরে র্যাব ও পুলিশকে খবর দেওয়া হয়।
কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, "যেহেতু পুলিশ পরিচয়ের কথা বলা হয়েছে, তাই সব দিক খতিয়ে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/২০২১ ঘ.
bdnews24