নড়াইল, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপওজলায় রোববার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার মাকড়াইল চর এলাকায় রাত ৯টার দিকে এ হামলায় নিহত হন ওই এলাকার আক্কাস সিকদার (৫৫)।
হামলায় আজগর মোল্লা (৫২) নামের আরেকজন আহত হয়েছেন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহত উভয়ের বাড়ি উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে।
লোহাগড়া থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিজমা সংক্রান্ত মামলার কাজ শেষে রাতে আক্কাস সিকদার ও আজগর মোল্লা ফরিদপুর থেকে বাড়ি ফিরছিলেন।
বাড়ির কাছে মাকড়াইল চরে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালালে আক্কাস ঘটনাস্থলে মারা যান।
পরে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা বলা যাচ্ছে না, জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24