গাজীপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয়বার আখেরি মোনাাজাতের মধ্য দিয়ে রোববার দুপুরে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।
অন্যান্য বছর একবার হলেও এবার ইজতেমা হয়েছে দু'দফায়। প্রথম পর্ব হয়েছে ২১ থেকে ২৩ জানুয়ারি। দ্বিতীয় পর্ব হয়েছে ২৮ থেকে ৩০ জানুয়ারি।
রোববার দুপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের কণ্ঠে আমিন আল্লাহুমা আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমাস্থল। পরে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি এবং দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক কামনা করা হয়।
ভারতের মাওলানা জোবায়রুল হাসান মোনাজত পরিচালনা করেন। বেলা ১২টা ২৪ মিনিট থেকে মোনাজাত চলে ১২টা ৪০ মিনিট পর্যন্ত।
মোনাজাত শুরু হতেই প্রায় সাত বর্গকিলোমিটার এলাকায় নেমে আসে পিনপতন নীরবতা। কিছুক্ষণ পরপর শুধু ভেসে আসে আমিন, ছুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
এছাড়া অনুতপ্ত মানুষের কান্নার আওয়াজও শোনা যায়।
মোনাজাতের আগে হেদায়তি বয়ান পেশ করেন ভারতের মাওলানা সা'দ আহমেদ।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীর ইজতেমা অভিমুখে শুরু হয় মানুষের ঢল। টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মোনাজাতে অংশ নিতে চার দিক থেকে মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছেন।
সকাল ১০টার আগেই ইজতেমা মাঠ কানায়কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলিগলিতে অবস্থান নেন। ইজতেমাস্থলে পোঁছতে না পেরে বহু মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোনাজাতের জন্য খবরের কাগজ, পাটি, বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন। এছাড়াও পাশের বাসাবাড়ি, কলকারখানা, অফিস, দোকানের ছাদ, যানবাহনের ছাদ ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন।
আখেরি মোনাজাতের জন্য আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছুটি ছিল। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা ছিল না।
মোনাজাত শেষে জনজট
আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপরই মানুষ ছুটতে থাকে নিজ নিজ গন্তব্যে। এতে টঙ্গীর আশপাশের সড়ক-মহাসড়কগুলোতে সৃষ্টি হয় যানজট। ফলে পায়ে হেঁটে রওনা দিতে হয় মুসল্লিদের। এ কারণে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের যানবাহন বিকাল ৩টা পর্যন্ত থেমে থাকে ইজতেমা মাঠের আশপাশের এলাকায়।
অতিরিক্ত ভাড়া আদায়
আখেরি মোনাজাতের দিন স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে ভোর থেকে কিছু বাস জয়দেবপুর-চৌরাস্তা ও উত্তরা থেকে মুসল্লিদের নিয়ে ইজতেমাস্থলের উদ্দেশে ছেড়ে যায়। বাসগুলো ইজতেমাস্থলে পৌঁছার অনেক আগেই মুসল্লিদের নামিয়ে দিতে হয়।
এক বদনা পানি ২ টাকা
কোনো কোনো স্থানে এক বদনা অজুর পানি ২ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। এছাড়া পুরানো খবরের কাগজ প্রতি পাতা ২ টাকা ও সিমেন্টের খালি বস্তা বিক্রি হয় ৫ থেকে ১০ টাকায়।
মোবাইল মোনাজাত
ইজতেমাস্থলে যেতে পরিবহন সঙ্কট ও ভিড় এড়াতে গাজীপুরের কয়েকটি স্থানে এলাকাবাসী মোবাইল ফোনে মোনাজাতে অংশ নেয়। ইজতেমার মূল মাঠ থেকে প্রায় ১২ কিলোমিটার দূূরে গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি জমায়েত হন। কেউ কেউ পুলিশের ওয়াকিটকির মাধ্যমেও মোনাজাতে শরিক হন।
ভ্রাম্যমাণ আদালত
দ্বিতীয় দফা আখেরি মোনাজাত উপলক্ষে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইজতেমাস্থল ও আশপাশের এলাকায় প্রকাশ্যে ধূমপান, মাদক বিক্রি ও সেবন, হোটেল ও খাবার দোকানে মেয়াদোত্তীর্ণ পচাবাসি খাবার বিক্রির অভিযোগে ৮৫টি মামলা এবং ৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছে।
এছাড়া গাঁজা বিক্রি ও সেবন করার অভিযোগে মহিলাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ঢাকা, টাঙ্গাইল, রাজবাড়ী, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
পাঁচ হাজারের বেশি বিদেশি মুসল্লি
দ্বিতীয় পর্বে সৌদি আরব, পাকিস্তান, ভারত, মিশর, ফিলিস্তিন, ইন্দোনেশিয়াসহ অর্ধশত দেশের পাঁচ হাজারের বেশি বিদেশি মুসল্লি ইজতেমায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24