লালমনিরহাট জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলায় বিসিআইসির একমাত্র বাফার গুদাম চত্বরে খোলা আকাশের নিচে পড়ে আছে প্রায় ১৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার।
মহেন্দ্রনগর গুদাম কর্মকর্তারা জানান, সদর উপজেলার মহেন্দ্রনগরে অবস্থিত বিসিআইসি'র এই বাফার গুদামের ধারণ ক্ষমতা নয় হাজার মেট্রিক টন। অথচ এখানে এবার পাঠানো হয়েছে ২১ হাজার ৬০০ মেট্রিক টন ইউরিয়া সার।
গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ১৬ হাজার ১০৭ মেট্রিক টন সার আসে এই গুদামে। নয় হাজার মেট্রিক টন গুদামে রেখে অবশিষ্ট সাত হাজার টন রাখা হয় খোলা আকাশের নিচে।
পরবর্তীতে চলতি বছরের শুরুতে এখানে আসে আরো ১২ হাজার ২২০ মেট্রিক টন ইউরিয়া সার। এগুলোও রাখা হয় খোলা আকাশের নিচে।
মহেন্দ্রনগর বাফার গুদামের ইনচার্জ মো. হানিফ মিয়া বলেন, ডিলাররা প্রতিদিন সার নিয়ে যাচ্ছেন। আজ (শনিবার) পর্যন্ত ১৪ হাজার মেট্রিক টন সার বাইরে রাখা হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত সার আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই গুদাম কর্মকর্তা।
জেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল হাকিম সাংবাদিকদের বলেন, চলতি ইরি-বোরো মৌসুম পুরোপুরি শুরু হলে সারের ব্যাপক চাহিদা দেখা দেবে। ফলে তখন এ সমস্যা অনেকাংশে কমে যাবে।
তবে খোলা আকাশের নিচে রাখা সারগুলো ভালোভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া দরকার বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24