২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সস্ত্রীক সাংবাদিক হত্যা: কেউ গ্রেপ্তার হয়নি

রাজধানীতে শুক্রবার সস্ত্রীক সাংবাদিক হত্যার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ মনে করছে, হত্যাকাণ্ডটি 'পরিকল্পিত' এবং তা নিহতদের নিকটজনরাই ঘটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শুক্রবার সস্ত্রীক সাংবাদিক হত্যার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ মনে করছে, হত্যাকাণ্ডটি 'পরিকল্পিত' এবং তা নিহতদের নিকটজনরাই ঘটিয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক শনিবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলে, "তবে তদন্তের সময় পুলিশ সবদিক ভেবেই মামলাটি তদন্ত করবে।" অচিরেই হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তার করা যাবে বলে আশা প্রকাশ করেন শহিদুল। রাজধানীর নয়াপল্টনের ৭৭ নম্বর বাসা থেকে ফরহাদ খাঁ (৬০) ও তার স্ত্রী রহিমা খাঁয়ের (৫৫) রক্তাক্ত লাশ শুক্রবার বিকালে উদ্ধার করে পুলিশ। ফরহাদ দৈনিক জনতার সহ সম্পাদক ছিলেন। পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এই দম্পতিকে জবাই করে হত্যা করা হয়। ওসি শহিদুল বলেন, "যারা [হত্যাকাণ্ডের ঘটনা] ঘটিয়েছেন তারা সম্মানিত অতিথি হওয়ায় তাদের মূল বিছানায় ঘুমাতে দেওয়া হয়েছিলো।" তবে ওই রাতে কোনো অতিথি ছিল কি-না তা পুলিশ জানতে পারেনি। হত্যাকারীরা ওই রাতে ওই ভবনের ভেতর বা ওই কক্ষে ভিতর অবস্থান করে থাকতে পারে বলে পুলিশের সঙ্গে একমত ভবনের মালিক হারুনুর রশিদ মুক্তা। এক লাখ টাকায় সন্দেহ সম্পাদকের দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, "শুক্রবার দুপুরে তার [ফরহাদ] বাসায় অনেক আত্মীয়ের দাওয়াত ছিল। "কিন্তু সবাই এসে দরজা তালা দেখে। তাদের দুজনকে বার বার ফোন করা হলেও কেউ ফোন না ধরায় অফিস থেকে থানায় খবর দেওয়া হয়।" বিকেলে ওই বাড়িতে দরজা ভেঙে ভেতরে ঢোকেন আহসান, সামাদ ও পুলিশসহ আশপাশের লোকজন। সেখানে শোবার ঘরের মেঝেতে ফরহাদ খাঁ ও একই কক্ষের বিছানায় তার স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানান আহসান। আহসান বলেন, "ঘটনার দুই দিন আগে কানাডাপ্রবাসী এক নারীর কাছ থেকে বইমেলায় বই প্রকাশের উদ্দেশ্যে পাওয়া এক লাখ টাকার জন্য তাকে [ফরহাদ] কেউ খুন করে থাকতে পারে। নয়াপল্টনে ওই তিন তলা ভবনের মালিক তিন ভাই। নিচতলায় বসবাস করেন হারুনুর রশিদ মুক্তা। এলাকাবাসী জানান, নিচতলায় প্রতি বৃহস্পতিবার রাতে 'জলসা' বসে। হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭৩ সাল থেকে তিনি প্রতি বৃহস্পতিবার রাতে 'তবারক' বিতরণ করেন। তবে কোনো নাচ-গান হয় না। তিনি বলেন, "বৃহস্পতিবার রাত ১০টায় তবারক বিতরণ হয়ে যায়। রাত ১২টার সময় কর্মচারী রুবেল মূল ফটক লাগিয়ে দেয়।" পল্টন থানার ওসি জানান, নিহতের ভাই সামাদ খাঁ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ব্যাপারে একটি মামলা করেছেন। শুক্রবার রাতে নিহতের মেয়ে আইরিনকে তার বাবা-মায়ের মৃত্যুর খবর জানানো হয়। দাফন গ্রামের বাড়িতে ফরহাদ খাঁ ও রহিমার লাশ শনিবার টাঙ্গাইলের কালিহাতীর গান্ধিনা খান পাড়া গ্রামে দাফন করা হয়েছে। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা হয় ফরহাদ খান ও তার স্ত্রী রহিমা খানের। পরে তাদের লাশ গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতির গান্ধিয়া নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৪টায় লাশ পৌঁছানোর খবর পেয়ে আশেপাশের মানুষ এই দম্পতিকে শেষবার দেখতে তাদের বড়িতে ভিড় জমায়। গান্ধিনা মাদ্রাসা মাঠে দুই দফা জানাজা শেষে বিকেল সাড়ে ৫টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। ফরহাদ খানের বন্ধু আবদুল কাদের জানান, যাত্রাবাড়ির কোনা পাড়ায় ফরহাদের পাঁচ কাঠার একটি টিনশেড বাড়ি রয়েছে। ওই বাড়ির ভাড়া দিয়ে বর্তমান বাড়ির ভাড়া শোধ করতেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮২২ ঘ.