জামালপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরা ব্যাংক জামালপুর শাখা থেকে প্রায় ৪৫ লাখ টাকা চুরি হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ব্যাংকের নিরপত্তারক্ষী রমিজ উদ্দিন ও আনসার সাইফুলকে আটক করেছে পুলিশ।
ঘটনাটিকে রহস্যজনক মন্তব্য করে উত্তরা ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক আবুল হোসেন বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা জানা যায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাংকের লকার থেকে ৪৪ লাখ ৯৭ হাজার ৭৭৩ টাকা ৫৪ পয়সা চুরি করেছে দুবৃত্তরা।"
জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চুরি যাওয়া টাকা উদ্ধার করা যায়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/২১৫৬ ঘ.
bdnews24