২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মন্দিরে আবারো চুরি

নারায়ণগঞ্জ শহরে আবারো একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে আবারো একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে শীতলক্ষ্যা এলাকার সত্য নারায়ণ জিউর মন্দিরে চুরির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মন্দিরের পুরোহিত রবীন্দ্র নারায়ণ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোরে আমি মন্দিরে এসে দেখি পেছনের দরজার তালা ভাঙ্গা এবং বিভিন্ন প্রতিমার শরীরে থাকা প্রায় আট ভরি ওজনের স্বর্ণালঙ্কার নেই।" তিনি জানান, এছাড়াও দুর্বৃত্তরা মন্দির থেকে তিন ভরি ওজনের একটি স্বর্ণের মূর্তি, এক মণ ওজনের তামা কাসার জিনিসপত্র ও প্রণামীর প্রায় ৩০ হাজার টাকা লুট করেছে। গত ২৩ জানুয়ারি শহরের কালীর বাজার সিরাজদৌল্লাহ রোড এলাকায় অপর একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় বলেন, "মন্দিরে চুরির বিষয়টি অস্বাভাবিক ব্যাপার। পুলিশী তৎপরতার দূর্বলতায় মন্দিরে একের পর এক চুরির ঘটনা ঘটছে।" নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্দিরে চুরির ঘটনাটি রহস্যজনক। মন্দিরের সামনের অংশ সুরক্ষিত থাকলেও পেছনের অংশ অরক্ষিত ছিলো।" এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সকালে জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী এবং জেলা পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/২০৫৬ ঘ.