দিনাজপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জন কেনেডী জাম্বিলকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বিভাগীয় কমিশনারের নির্দেশে বৃহস্পতিবার বিকালে তাকে প্রত্যাহার করা হয় বলে জানান দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামালউদ্দীন আহমেদ।
তিনি বলেন, নির্বাচনের পরে প্রশাসনিক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনী দায়িত্ব পালনের নামে বুধবার তিনি এলাকার মানুষকে হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে।
খোলাহাটী ডিগ্রি কলেজের প্রদর্শক মিজানুর রহমান বলেন, পার্বতীপুর পৌর নির্বাচন উপলক্ষে বুধবার পৌর এলাকায় যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।
এ সময় এই সহকারী কমিশনার মোটরসাইকেল আটক করে আরোহীদের নামিয়ে রাস্তা শুইয়ে গড়াগড়ি দিতে বাধ্য করেন।
এমন আচরণের শিকার হন শিক্ষক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এক পর্যায়ে পৌরসভার ঢাকা মোড় এলাকায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন ধাওয়া করলে তিনি স্থান ত্যাগ করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) জন কেনেডী'র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24