২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাইং কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা

বর্জ্য ফেলে কর্ণফুলী নদী দূষণের অপরাধে একটি ডাইং কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ফেলে কর্ণফুলী নদী দূষণের অপরাধে একটি ডাইং কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় অবস্থিত সুপার নিটিং অ্যান্ড ডাইং মিলে অভিযান চালিয়ে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার বর্জ্য পরিশোধন প্ল্যান্ট বন্ধ রেখে উৎপাদন কার্যক্রম চালু রাখা এবং তা জালালাবাদ খালের মাধ্যমে কর্ণফুলী নদী দূষণের দায়ে এ জরিমানা করা হয়েছে। আগামী তিনমাসের মধ্যে কারখানায় বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মুনীর চৌধুরী বলেন, অন্যথায় কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, "কারখানার অপরিশোধিত তরল বর্জ্য পরীক্ষা করে এতে দ্রবীভূত অক্সিজেন ও পিএইচ এর মাত্রা পাওয়া গেছে যথাক্রমে ৩.২ ও ৯.১, যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ মোতাবেক নির্ধারিত মানমাত্রা বর্হিভূত।" সুপার নিটিং অ্যান্ড ডাইং মিলে প্রতিমাসে প্রায় দেড় হাজার মেট্রিক টন ফেব্রিক্স রং করা হয়। কারখানাটির বর্জ্য পরিশোধন প্ল্যান্ট ত্র"টিপূর্ণ থাকায় এর আগে তারা পরিবেশ ছাড়পত্রও পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮২১ ঘ.