ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানসম্মত না হওয়ায় বিভিন্ন কোম্পানির আটটি ওষুধের উৎপাদন ও বিপণন বন্ধ করে সেগুলো বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে হাইকোর্র্ট।
ওষুধগুলো হলো- নর্থ বেঙ্গল ফার্মা লিমিটেডের টেট্রাসাইক্লিন ও ইনডক্স ক্যাপসুল; ইনোভা ফার্মা লিমিটেডের ডাইক্লোফেনাক; বেঙ্গল টেকনো ফার্মা লিমিটেডের বিটিমক্স ২৫০ মিলিগ্রাম ও বিটিমক্স ৫০০ মিলিগ্রাম; ইন্দো বাংলা ফার্মা লিমিটেডের ক্যাপসুল ইনডোটেট্রা এবং এলকো ফার্মা লিমিটেডের সেফক্স ক্যাপসুল ও সাসপেনশন টেমপিল।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদের করা একটি রিট আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মো. ইমান আলী ও শেখ হাসান আরিফের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
দুই সপ্তাহের মধ্যে ঢাকার বাজার এবং চার সপ্তাহের মধ্যে সারা দেশ থেকে এসব ওষুধ প্রত্যাহার করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য স্বাস্থ্য অধিদফতরের ডিজি ও স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে র্যাবের ডিজি ও পুলিশের আইজিকে এ কাজে সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই আবেদনের ওপর আদালতে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ৩ নভেম্বর বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা এবং চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছিল আদালত।
মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ওই আদেশের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ১৭৪টি ওষুধের নমুনা করে ৪৮টির বিষয়ে ল্যাবরেটরি প্রতিবেদন জমা দেয়। যার ৮টি মান সম্মত নয় বলে প্রমাণ পাওয়া গেছে।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্য অধিদফতর কয়েকটি ওষুধের ক্ষেত্রে পুরনো ল্যাবরেটরি টেস্টের ফল জমা দিয়েছে। অর্থাৎ, আদালতের নির্দেশের পর আর এসব ওষুধ পরীক্ষা করা হয়নি। আমরা পরবর্তীতে আদালতের কাছে এ অসঙ্গতি তুলে ধরবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৯৩৯ঘ.
bdnews24