২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রয়োজনে নতুন উপজেলা পরিষদ আইন হবে'

স্থানীয় সরকারের উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে প্রয়োজনে উপজেলা পরিষদ আইনের সংশোধন ও নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েটিফোর ডটকম)- স্থানীয় সরকারের উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে প্রয়োজনে উপজেলা পরিষদ আইনের সংশোধন ও নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বর্তমান আইন নিয়ে ক্ষুব্ধ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত 'সরকারি উন্নয়ন কার্যক্রম ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ' শীর্ষক এক সেমিনারে মন্ত্রীর এ আশ্বাস এলো। শফিক বলেন, "উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তাদের কার্যক্ষমতা যাতে সাংঘর্ষিক না হয় সে বিষয়টি সচেতনতার সঙ্গে দেখা হচ্ছে। "ক্ষমতার বিকেন্দ্রীকরণে সরকার প্রয়োজনে বিদ্যমান আইনের সংশোধন ও নতুন আইন প্রণয়ন করবে।" স্থানীয় সরকারের উন্নয়নের জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, "এ জন্য গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ একান্ত প্রয়োজন। গণতন্ত্র ও উন্নয়নের জন্য সরকার যে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণে আন্তরিক।" উপজেলা পরিষদের স্বায়ত্তশাসন, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব নির্ধারণ ও বিদ্যমান আইনে তাদেরকে অপরাধী হিসেবে বরখাস্ত করার বিধানটি বাতিল করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ। ২০০৯ সালে দেশের ৪৮১টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ভোটে নির্বাচিত হন। কিন্তু এখনো পর্যন্ত তাদের দায়িত্ব নির্ধারণ করা হয়নি। তবে গত ১৮ জানুয়ারি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ সংসদে জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের দায়িত্ব ও কর্তব্য নিধারণ করে একটি প্রস্তাবনা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেমিনারে পরিষদের সভাপতি আব্দুল মজিদ ফটো বলেন, "সরকারের আশ্বাসে আমরা ১০ দফা দাবিতে শুরু করা অনশন ধর্মঘট গত ২২ জানুয়ারি স্থগিত করেছি।" বিশেষ অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, "স্থানীয় উন্নয়ন কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করতে হলে শাসন প্রক্রিয়ায় দ্বৈত্ব কর্তৃত্বের অবসান করতে হবে।" তিনি স্থানীয় সরকারের স্বাধীন কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সরকার অর্থায়ন কমিশন গঠনের প্রস্তাব করেন ও উপজেলা পরিষদ আইনের অসামঞ্জস্য সংশোধনের আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শামিম আল রাজি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেবি/এমআই/১৫৫০ ঘ.