২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির আদালত বর্জন করে বিক্ষোভ

প্রধান বিচারপতির আদালত বর্জন করে বিক্ষোভ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এ কর্মসূচি প্রত্যাখ্যান করে আদালতে অবস্থান নেয় সরকার সমর্থক আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:36 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির আদালত বর্জন করে বিক্ষোভ করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এ কর্মসূচি প্রত্যাখ্যান করে আদালতে অবস্থান নেয় সরকার সমর্থক আইনজীবীরা। দৈনন্দিন কার্যতালিকায় হস্তক্ষেপ ও আইনজীবীদের সম্পর্কে 'অপমানজনক' মন্তব্যের প্রতিবাদ ও বেঞ্চ পুনর্গঠনের দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। সমিতির নেতৃত্বে এখন বিএনপি সমর্থকরা রয়েছে। কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে প্রধান বিচারপতির আদালতের সামনে বিক্ষোভ শুরু করে বিএনপি সমর্থক অর্ধশতাধিক আইনজীবী। তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে স্লোগান দেয় প্রায় এক ঘণ্টা ধরে। বিক্ষোভে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক বদরুদ্দোজা বাদল, রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন প্রমুখ। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুর রব চৌধুরীর নেতৃত্বে সরকার সমর্থক আইনজীবীরা আালতের কার্যক্রমে অংশ নিতে এজলাসে অবস্থান নেন। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক সকাল ৯টা ২০ মিনিটে এজলাসে আসন নেন। এজলাসে ঢোকার সময় সরকার সমর্থক এক আইনজীবীর সঙ্গে বিরোধী দল সমর্থক আইনজীবীদের হট্টগোল হলেও পরে জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.