২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেনমোহর পরিশোধ মেলা

দেনমোহর হলো স্ত্রীর কাছে স্বামীর জামানতবিহীন ঋণ- এই মত প্রকাশ করে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামে হয়ে গেলো দেনমোহর মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 06:36 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

কুড়িগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেনমোহর হলো স্ত্রীর কাছে স্বামীর জামানতবিহীন ঋণ- এই মত প্রকাশ করে এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামে হয়ে গেলো দেনমোহর মেলা। জেলার উলিপুর উপজেলায় বুধবার অনুষ্ঠিত মেলার আয়োজকরা বলেছেন, নির্যাতন ও যৌতুক প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই ব্যতিক্রমী এই আয়োজন। উলিপুর উপজেলার হাতিয়া, থেতরাই, দলদলিয়া, পান্ডূল, বজরা ও বুড়াবুড়ি ইউনিয়নের ৫৪৮ দম্পতি পারিবারিক নির্যাতন প্রতিরোধে অঙ্গীকার করেছেন। আনুষ্ঠানিকভাবে স্বামীরা নিজ নিজ স্ত্রীর হাতে দেনমোহরের টাকা বুঝিয়ে দেন। কেউ কেউ তাদের স্ত্রীর নামে দেনমোহর বাবদ জমি লিখে দেন। কেউ দেন মূল্যবান সম্পদ। সব মিলিয়ে ৫৪৮ জন নারী তিন কোটি ১৭ লাখ ৯ হাজার ৯৪ টাকা দেনমোহর পেয়েছেন স্বামীর কাছ থেকে। দেনমোহর মেলার আয়োজক স্থানীয় এনজিও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)। উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা ও দেনমোহর পরিশোধ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় পারিবারিক নির্যাতন হ্রাসে স্থায়ীত্বশীল কাঠামো গঠন প্রকল্পের আওতায় উলিপুর উপজেলার ৬টি ইউনিয়নে উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়। আয়োজকরা জানান, তিন বছর ধরে তারা ৫৪৮ জন দম্পতিকে উদ্বুদ্ধ করা হয়। তারা অঙ্গীকার করেন তাদের পরিবার থাকবে সব ধরনের নির্যাতনমুক্ত। এরই অংশ হিসেবে তাদের স্বামীরা দেনমোহরের টাকা পরিশোধের সিদ্ধান্ত নেন। এমকেএসকেএস'র উপপরিচালক অমল কুমার সাংবাদিকদের জানান, মেলায় যারা দেনমোহর পরিশোধ করেন তাদের বয়স ৩-৪৫ বছর। দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পর স্বামীরা তাদের স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করেন। থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের কৃষক আবু তালেব ব্যাপারী (৭০) ১৯৬৬ সালে বিয়ে করেন কসবালা বিবিকে। তখন দেনমোহর ছিল ৫০০ টাকা। বর্তমান বাজার মূল্য হিসেবে এক লাখ টাকা মূল্যের সাত শতক জমি স্ত্রীর নামে লিখে দেন। কসবালা বিবি (৫৬) প্রায় ৪৫ বছর পর দেনমোহর পেয়ে খুশিতে আত্মহারা। বুড়বিুড়ি ইউনিয়নের প্রতিবন্ধী কফিল উদ্দিন (৪৫) ১৪ বছর আগে বিয়ে করেন রাশেদা বেগমকে (৩০)। মেলায় এসে স্ত্রীকে পাঁচ হাজার টাকা দেনমোহর পরিশোধ করে কফিল নিজেকে ভারমুক্ত দাবি করেন। স্ত্রী রাশেদা দেনমোহরের এই টাকায় স্বাধীনভাবে সংসারের কাজে লাগাবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/০০২১ ঘ.