বরগুনা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাগরে জলদস্যুদের হাতে অপহৃত ১৫১ জেলেকে এখনো উদ্ধার করা যায়নি।
গত বৃহস্পতিবার রাত ও এর আগে তাদের অপহরণ করা হয়। এদের মধ্যে ১১ জনকে শনিবার ছেড়ে দেওয়া হয়েছে।
জিম্মি জেলেদের পরিবার ও ফিরে আসা কয়েকজন জেলের সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, জলদস্যুরা তাদের সুন্দরবনে ভেতরে আটকে রেখেছে। শীতে খোলা আকাশের নিচে আটকে রাখায় এবং পর্যাপ্ত খাবার না দেওয়ায় তারা দুর্বল হয়ে পড়েছে।
জলদস্যুরা বলেছে, প্রত্যেক জেলে ও ট্রলারের জন্য দুই লাখ টাকা করে না দিলে তারা কাউকে ছাড়বে না।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) ও নৌবাহিনীর সদস্যরা জেলেদের নিরাপত্তা দিতে না পারছে না।
সে কারণে পাথরঘাটার বেশির ভাগ ট্রলার মালিকই রাজু বাহিনী, জুলফিকার বাহিনী ও ডাক্তার বাহিনীকে চাঁদা দিয়ে 'কার্ড' সংগ্রহ করেছে।
কিন্তু মোতালেব বাহিনী নামে নতুন একটি জলদস্যু বাহিনী আত্মপ্রকাশ করেছে।
জেলেদের বরাত দিয়ে গোলাম মোস্তফা জানান, ধারণা করা হচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যরা একত্রিত হয়ে ৪০/৫০ জনের বিশাল এই বাহিনী গড়ে তুলেছে।
ফিরে আসা জেলে জাফর হোসেন জানান, জলদস্যুদের কাছে মারাত্মক আগ্নেয়াস্ত্র রয়েছে।
ফিরে আসা আরেক জেলে আবদুল কাদের জানান, জেলেদের যেখানে বন্দি রাখা হয়েছে-তার চারপাশে জলদস্যুরা পাহারা দিচ্ছে।
চরলাঠিমারা গ্রামের সুজন জানান, মোবাইল ফোনে তার বাবার কান্নার শব্দ শোনানো হয়েছে। তার বাবা অনাহারে দুর্বল হয়ে পড়েছেন।
তিনি তার বাবার মুক্তির জন্য ট্রলার মালিক ও আড়ৎদার সমিতির কাছে টাকার জন্য ঘুরছেন। কারো কাছ থেকেই সহযোগিতা পাচ্ছেন না।
নেহার বেগম জানান, তার স্বামীকে জলদস্যুরা মেরে ফেলবে। দস্যুরা তাকে মুক্তিপণের টাকা পাঠাতে বলেছে।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, অপহৃত জেলেদের স্বজনরা দিন-রাত তাদের কাছে আসছে। সকলেরই আকুতি জেলেদের মুক্তিপণের টাকা দিয়ে ছাড়িয়ে আনা হোক।
জলদস্যু বাহিনীর প্রধান পরিচয় দেওয়া মোতালেবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন কয়েকজন সাংবাদিক।
মোতালেব জানিয়েছেন, তারা ২৬টি ট্রলারসহ ১৫১ জেলেকে আটকে রেখেছেন। দুই লাখ টাকার কমে কোনো জেলেকেই মুক্তি দেওয়া হবে না।
মুক্তিপণ না পেলে তিনি জেলেদের মেরে ফেলারও হুমকি দেন।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে মোতালেব বাহিনীর ১৭টি ট্রলারসহ ১২০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে ১১ জনকে শনিবার ছেড়ে দেওয়া হয়।
এর আগে অপহরণ করা হয় আরো ৪২ জেলেকে।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, জেলেদের উদ্ধারে তারা অভিযান চালাচ্ছেন। র্যাবের একটি দলও অভিযান শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৩ ঘ.
bdnews24