ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১০৭টি অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পদ সৃষ্টি করেছে সরকার।
এর মধ্যে ৬৪টি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং ৪৩টি অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) পদ রয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব জামালউদ্দিন আহমেদ গত রোববার এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।
এডিসি পদ সৃষ্টির ওই আদেশে বলা হয়, রাজস্ব খাতের অধীনে অস্থায়ী ভিত্তিতে পদগুলো সৃষ্টি করা হয়েছে। পদগুলোর মঞ্জুরি বছরভিত্তিক সংরক্ষিত হবে।
এছাড়া এর আগে ২১ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) নামে সৃষ্ট পদগুলো অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) নামে পরিচিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
বর্তমানে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নামে দুটি স্থায়ী পদ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২২৫৬ ঘ.
bdnews24