পাবনা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ঈশ্বরদী উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি সামিউল ইসলাম।
এরা হলেন- প্রধান আসামি আনোয়ার হোসেন (২১) ও তহিদুল আক্তার (২০)।
মঙ্গলবার পাবনার বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতের আবেদন জানায়।
শুনানি শেষে হাকিম সাইদুর রহমান তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞসাবাদের অনুমতি দেন।
উপজেলার দয়ারবাঘাইল গ্রামের শহিদুল ইসলামের মেয়ে স্বর্ণা খাতুনকে (১৫) রোববার রাতে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে।
এরপর তার হাত পা ভেঙে এবং ডান চোখ উপড়ে ফেলে লাশ বাড়ি থেকে দূরে একটি মেহগনি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। স্বর্ণা ওই এলাকার বাশেরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলো।
একই গ্রামের পলান শেখের ছেলে আনোয়ারের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্বর্ণাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
সোমবার রাতে স্বর্ণার বাবা শহিদুল ইসলাম এ ঘটনায় মামলা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দোষীদের গ্রেপ্তারে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
হত্যাকারীদের বিচারের দাবিতে উপজেলার বাশেরবাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মঙ্গলবার মানববন্ধন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৭ ঘ.
bdnews24