ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের অনুপস্থিতিতেই নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের উদ্বোধনী দিনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
মঙ্গলবার বিকাল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ। রাষ্ট্রপতির ভাষণের পরই অধিবেশন মুলতবি হবে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার মধ্য দিয়ে অধিবেশন পুনরায় শুরু হবে আগামী ১ ফেব্র"য়ারি।
সোমবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অধিবেশন ৪৪ কার্যদিবসে আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে।
প্রতি কার্যদিবসে সাড়ে ৪টা থেকে অধিবেশন শুরু হবে।
বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে রোববার প্রধান হুইপ আব্দুস শহীদ বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে টেলিফোন করেন।
তবে তাতে সাড়া মেলেনি। বিরোধীদলীয় প্রধান হুইপ বলেছেন, সংসদে তাদের ফেরার 'পরিবেশ' এখনো তৈরি করতে পারেনি সরকারি দল।
সংসদ সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তার দলের নেতাদের এ অধিবেশনে যোগ দিতে হবে। নইলে টানা ৯০ দিন সংসদ বর্জনের কারণে আইন অনুযায়ী তারা সদস্যপদ হারাবেন।
সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির রেকর্ডে দেখা যায়, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ গত বছরের ৪ এপ্রিল সংসদে যোগ দিয়েছিলেন। এর ফলে গত ৯ ডিসেম্বর শেষ হওয়া সপ্তম অধিবেশন পর্যন্ত সংসদে তার টানা অনুপস্থিতি ৫০ দিন।
এ অর্থ হচ্ছে- খালেদা জিয়া নবম সংসদের আসন্ন অষ্টম অধিবেশনে যোগ না দিলে সংসদে তার টানা অনুপস্থিতি দাঁড়াবে ৯৪ দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৬০৭ ঘ.
bdnews24