২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ

সাভারের খাগুরিয়া গ্রামে এক কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাভারের খাগুরিয়া গ্রামে এক কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে আদালতে ওই কৃষকের করা মামলার সাক্ষীদের বিবাদীরা মারধর, বাড়িঘরে হামলা ও হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। সোমবার ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন খাগুরিয়া গ্রামের কৃষক সামসুদ্দিন। তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর থেকে মামলার বিবাদী চাইরা গ্রামের মো. মিজানুর রহমান, খাগুরিয়া গ্রামের আফসার উদ্দিন, নাজিমউদ্দিন নাজু, আবু কাশেম ও মো. বশির তার (বাদী) ১৯ বছর দখলে থাকা ২৬ শতাংশ জমি দখলের চেষ্টা করছে। এর আগে তারা ওই জমির জাল কাগজপত্র তৈরি করে। এতে সামসুদ্দিন বাধা দিলে বিবাদীরা তাকে মারধরও করে। হত্যার হুমকিও দেয়। বিবাদিদের মধ্যে মিজানুর রহমান ডাকতি মামলায় জেল খাটা আসামি বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়। বিষয়টি সাভার থানার উপ-পরিদর্শক শেখ ফরিদ আহমেদকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের মাটি ভরাট না করার নির্দেশ দেন। কিন্তু তার নির্দেশ উপেক্ষা করে অভিযুক্তরা মাটি ভরাট করে। বিষয়টি থানায় জানালে পুলিশ কাজ বন্ধের উদ্যোগ না নিয়ে গড়িমসি করতে থাকে বলে সামসুদ্দিন অভিযোগ করেন। এরপর সামসুদ্দিন গত ৫ জানুয়ারি ঢাকার অতিরিক্ত জেলা হাকিমের আদালতে পাঁচজনকে বিবাদি করে শান্তিভঙ্গের মামলা করেন। হাকিম এস এম মাহাবুবুর রহমান বিবাদিদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে আগামী ৮ মার্চ দখল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। সামসুদ্দিন অভিযোগ করেন, বিবাদিরা ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা ও মন্ত্রীর নাম ব্যবহার করে তাকে হুমকি দিচ্ছে। ওই জমি ছেড়ে না দিলে তারা বাদীকে খুন করার হুমকি দেয় বলেও অভিযোগ করেন সামসুদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২২০০ ঘ.