ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণ বিজ্ঞানীর খোঁজে রাজধানীতে সোমবার বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
বিকালে সায়েন্স ল্যাবরেটরি স্টাফ কোয়ার্টার মাঠে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এ মেলার আয়োজক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তরুণ বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কারে এগিয়ে না আসলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে হলে তরুণদের কাজ করার সুযোগ করে দিতে হবে।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার চালিকা শক্তি হবে জ্ঞান। বিজ্ঞান হবে এর হাতিয়ার। আর হাতিয়ার ব্যবহারে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে।
তরুণ বিজ্ঞানীদের এসব নতুন নতুন আবিষ্কার দেখে বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম ইমামুল হক বলেন, কোমলমতি শিশুদের মধ্যে বিজ্ঞানের চিন্তা ঢোকাতে না পারলে বিজ্ঞানমনস্ক সমাজ বিনির্মাণ সম্ভব নয়। তাই বিজ্ঞান মেলা শুধু তরুণ বিজ্ঞানী খোঁজা নয়, এটি বিজ্ঞানমনস্ক সমাজ বিনির্মাণেও সহায়তা করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলিপ কুমার বসাক এবং বিসিএসআইআর'র সদস্য কাজী আখতারুজ্জামান প্রমুখ।
২০০৭ সাল থেকে তরুণ বিজ্ঞানীর খোঁজে প্রতিবছর এ মেলার আয়োজন করছে বিসিএসআইআর। এবার মেলায় ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ বিজ্ঞানীরা ১০৬ টি প্রজেক্ট উপস্থাপন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২০০ ঘ.
bdnews24