২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ গ্রহণ: চট্টগ্রামে দুদক উপ-পরিচালক কারাগারে

ঘুষ গ্রহণের অভিযোগে চট্টগ্রামে আটক দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালককে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণের অভিযোগে চট্টগ্রামে আটক দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালককে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর আগ্রাবাদের দুদক কার্যালয় থেকে র‌্যাব সদস্যরা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক সাব্বির হাসানকে আটক করে। এ সময় তিনি 'ফোর এইচ' নামে চট্টগ্রামের একটি শিল্প গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক গওহর সিরাজ জামিলের কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ নিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় গওহর সিরাজের দায়ের করা মামলায় সোমবার সন্ধ্যায় সাব্বির হোসেনকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ওসমান গণি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতে তার জামিন ও কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করা হয়েছিল।" বিচারক মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। র‌্যাব-৭ এর উপ-পরিচালক মেজর আলী আশফাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে একটি তৈরি পোশাক চালান আটকের ঘটনায় প্রতিবেদন দেওয়া নিয়ে গওহর সিরাজের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন সাব্বির হাসান। দাবি অনুযায়ী প্রথম পর্যায়ে ১০ লাখ টাকা দেওয়ার আগে গওহর র‌্যাব সদস্যদের জানান। সে অনুযায়ী ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে র‌্যাব সদস্যরা তাকে ডবলমুরিং থানায় সোপর্দ করে।" ফোর এইচ গ্র"পের কমার্শিয়াল ম্যানেজার নওশাদ চৌধুরী বাদি হয়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২, দণ্ডবিধির ১৬১ ধারায় সাব্বির হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দুদক এর তদন্ত করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/এইচএ/২১১৬ ঘ.