সাভার, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কয়েকজন শিশু বিকালে খেলা করছিলো একটি বাঁশ ঝাড়ের পাশে। হঠাৎ শিশুর কান্না শুনে তারা ভেতরে ঢুকে পলিথিন ব্যাগে তুলায় মোড়ানো শিশুর পা দেখতে পায়। শিশুটি কান্নার সঙ্গে সঙ্গে পা নাড়ছিলো।
দৃশ্যটি দেখে তারা ভয়ে চিৎকার দিলে পাশেই তাদের বাড়ি থেকে কয়েকজন বয়স্ক ছুটে আসেন। পলিথিন ব্যাগ খুলে তারা নবজাতক মেয়েটিকে পান।
এরইমধ্যে পোকামাকড় মেয়েটির নাকের এক পাশ এবং ডানকানের নিচের অংশ খেয়ে ফেলেছে। হাত, পা, পেটসহ শরীরের অন্যান্য অংশেও ক্ষত সৃষ্টি করেছে।
ওই অবস্থায় স্থানীয় এক মুদি দোকানির স্ত্রী বিউটি আক্তার শিশুটিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় গত ১৮ জানুয়ারি পাওয়া মেয়েটি এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন পর্যন্ত তার খোঁজে কেউ আসেনি।
সোমবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ইনকিবিটরে রাখা শিশুটির পাশে বসে রয়েছেন বিউটি আক্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার কোনো সন্তান নেই। আমার টাকা পয়সা নেই। তবুও তাকে হাসপাতালে নিয়ে আসি। সুস্থ হলে তাকে মায়ের আদর দিয়ে লালন পালন করব।"
এদিকে শিশুটির ব্যয়বহুল চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একটি তহবিল গঠন করেছেন। হাসপাতালে একটি দানবাক্স বসিয়েছেন তারা।
হাসপাতালে আসা রোগীর স্বজনরা সাহায্যও করছেন।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-হাদী বলেন, শিশুটি বিপদমুক্ত। তাকে ইনকিবিটরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পোকামাকড়ে খাওয়া নাক, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ ঠিক হতে অনেক সময় লাগবে। খরচও হবে অনেক।
হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন শিশুটির চিকিৎসা খরচের জন্য নিজ উদ্যোগে আরো একটি তহবিল গঠন করেছেন।
তিনি বলেন, হাসপাতালের ওষুধের দোকান থেকে শিশুটিকে সব ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24