২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের বিচার: বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন

কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করা হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে সোমবার রিট আবেদনটি দায়ের হয়। জাসদ নেতা হাসানুল হক ইনু ও রবিউল আলম আবেদনটি দায়ের করেন। মঙ্গলবার আদালত এ বিষয়ে আদেশ দেবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমান। আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সরকার পক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমান। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ অগাস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তাদের আবেদনের পর সেই গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৮১৮ ঘ.