কিশোরগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওর উপজেলা অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত ও ৮ জন গুলিবিদ্ধ হয়েছে।
আবদুল্লাপুর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রুবেল খাঁ (১৫), ইয়াহিয়া খাঁ (২৭), সুরাব খাঁ (২০), সুজন খাঁ (২৪), দুলাল (২৮), হুমায়ুন খাঁ (২৬), কুতুব (৪০) ও ইয়াসিন (২৭)।
এছাড়া আহত অন্যদের কিশোরগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানায়, আবদুল্লাপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামাল পাশা ও মন্নর খাঁর মধ্যে ছায়রাচান্দি জলমহাল নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও হয়।
হামলার জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করেছে।
মন্নর খাঁর পক্ষের মমতাজ খানম সাংবাদিকদের বলেন, "আদালত থেকে ডিক্রি পেয়ে রাত ১০টার দিকে আমরা জলমহালে গেলে প্রতিপক্ষ আমাদের ওপর বন্দুক, বল্লম ও দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এতে আমাদের বহু লোক আহত হয়।"
কামাল পাশার পক্ষের আলম বেপারী বলেন, "দেশি অস্ত্র নিয়ে মন্নর খাঁ গ্র"পের লোকজন জলমহাল দখল করতে আসে। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা করে।"
অষ্টগ্রাম থানার ওসি আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24