চাঁদপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের জন্য চাঁদপুরের কচুয়ায় এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে।
শনিবার দুপুরে কচুয়ার জলাতেতৈয়া গ্রামে তাপসী রানী সরকার (২৩) নামের এই গৃহবধূ নির্যাতনের শিকার হয়। সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
রোববার সকালে পুলিশ শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এই ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা করেছেন তাপসীর বাবা চিত্তরঞ্জন সরকার।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাপসী উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নাংলা গ্রামের চিত্তরঞ্জন সরকারের মেয়ে। আট বছর আগে সুকুমারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য বিভিন্ন সময়ে তাপসীর উপর নির্যাতন চালাতো।
এসআই জানান, মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- সুকুমার সরকার (৩০) ও তার বাবা চিডু চন্দ্র সরকার (৫৫)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24