২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক এখনো ১০৯ জেলে

সুন্দরবনে আটক শতাধিক জেলের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে মুক্তিপণ নিয়ে বাকিদের ছাড়িয়ে আনার জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

বরগুনা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে আটক শতাধিক জেলের মধ্যে কয়েকজনকে ছেড়ে দিয়েছে মুক্তিপণ নিয়ে বাকিদের ছাড়িয়ে আনার জন্য। শনিবার দুপুরে পাঁচটি মাছধরা ট্রলারসহ পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছেন জাফর হোসেন, আবদুল কাদের, জয়নাল আবেদীন, আবদুল কুদ্দুস ও আবদুল মন্নানসহ ১১ জেলে। গত বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ১৭টি ট্রলারসহ ১২০ জেলেকে অপহরণ করে। বাকি ১০৯ জেলেকে এখনো সুন্দরবনের গহীনে আটকে রেখেছে। তাদের মুক্তিপণ বাবদ দুই কোটি ১৮ লাখ টাকা দাবি করছে জলদস্যুরা। ফিরে আসা জেলেরা জানান, এখনো আটক জেলেদের ছাড়িয়ে আনার জন্য তাদের টাকা নিয়ে যেতে পাঠানো হয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি সামসুন্নাহার, এফবি ভাই ভাই, এফবি রেহেনা, এফবি মালেক পাইকার-২ ও এফবি সিরাজুল নামের ট্রলার নিয়ে ১১ জেলে শনিবার দুপুরে ফিরে এসেছেন। তাদের দিয়ে মুক্তিপণের টাকা পাঠাতে বলেছে জলদস্যুরা। এদিকে শনিবার সকালে আটক জেলেদের মধ্যে দু'জনের স্বজনকে মোবাইল ফোনে কান্নার শব্দ শুনিয়ে শিগগির মুক্তিপনের টাকা পাঠাতে বলেছে জলদস্যুরা। চরলাঠিমারা গ্রামের সুজন বলেন, মোবাইলে জলদস্যুরা তারা বাবার কান্নার শব্দ শুনিয়েছে। মুক্তিপনের টাকা না পেলে তাকে খুন করা হবে। বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি বলেন, অপহৃত এক মাঝির স্ত্রী নেহার বেগম জানান- জলদস্যুরা মোবাইল ফোনে তার স্বামীকে নির্যাতনের শব্দ শুনিয়েছে। মুক্তিপণের টাকা না পেলে অপহৃত জেলেদের মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৭ ঘ.