২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সানশেড ধসে দুই শ্রমিক মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কালুরঘাট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সানশেড ধসে দুই শ্রমিক মারা গেছে। শনিবার সকাল ৮টার দিকে কালুরঘাট শিল্প এলাকার আবুল কাশেম কোম্পানির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- শাহীন (৩০) ও আবদুল মজিদ (২৫)। দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) ও কামরুল নামের আরো দুই শ্রমিক আহত হয়েছেন। নিহত শাহীন নওগাঁ জেলার বদলগাজী থানার মিঠাপুর গ্রামের হাজেম উদ্দিনের ছেলে। অন্যদের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি একতলা পাকা ঘরের নির্মাণ কাজ চলছিলো। তিন দিন আগে ৫০ হাত দীর্ঘ একটি সানশেড নির্মাণ করা হয়। "সকালে সানশেড নির্মাণে ব্যবহৃত বাঁশ খুলে নিলে এটি ধসে পড়ে। এতে কর্মরত দুই শ্রমিক চাপা পড়েন", বলেন তিনি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টায় আহত চারজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক শাহীন ও মজিদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কামরুল প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৩১৩ ঘ.