২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতুর জন্য বাঁধ, তাতে দুর্ভোগ কৃষকদের

জনসাধারণের চলাচলের সুবিধার জন্য একটি সেতু হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জে। তা নির্মাণের জন্য খালে একটি বাঁধ দিতে হয়েছে। সে কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে একশ হেক্টর জমির। আল-ইমরান শোভনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 04:09 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

আল-ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চাঁদপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জনসাধারণের চলাচলের সুবিধায় তৈরি হচ্ছে একটি সেতু। তা নির্মাণের জন্য খালে একটি বাঁধ দিতে হয়েছে। সে কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে একশ হেক্টর জমির। ফলে সেচ দিতে পারছেন না কৃষকরা। চররামপুর এলাকায় হাইমচরমুখী একটি খালে বাঁধ দিয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এর নির্মাণ কাজ মার্চ মাসে শেষ হওয়ার কথা। গত সপ্তহে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধের কারণে হাইমচরে পানি সঙ্কটে ইরি-বোরোর জন্য তৈরি ১০০ হেক্টর জমির বীজতলার ৭৫ ভাগই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মৌসুম পার হয়ে যাওয়ায় উপজেলার ১ হাজার ৩৩৮ হেক্টর জমিতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফরিদগঞ্জে খালে এ বাঁধের কারণে পাশের উপজেলা হাইমচরের কৃষকরা দুর্ভোগে পড়েছে। তারা বলছেন, বাঁধের কারণে খালে পানি না থাকায় জমিতে সেচ দিতে পারছেন না তারা। তারা অবিলম্বে বাঁধ কাটার দাবি জানিয়েছেন। হাইমচরের উত্তর আলগী প্রকল্প এলাকার কৃষক খোরশেদ আলম কোতোয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই পর্যন্ত আমার ১ একর জমিতে চাষ করা ইরি-বোরো বীজতলার ৭৫ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকিগুলোও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছি। খালে পানি না আসায় বীজতলার চারা রোপণ করতে পারছে না কৃষকরা।" কমলাপুর এলাকার কৃষক মোবারক ছৈয়ালের ছেলে আল-আমিন রনিসহ অন্য কয়েকজন কৃষকও জানালেন দুর্ভোগের কথা। উত্তর আলগী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁধের কারণে ১৫ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম জানান, সরকারিভাবে ১৫ ডিসেম্বর থেকে ইরি-বোরোর ভরা মৌসুম। এর আগেই খালে পানি আসে, কৃষকরা মাঠ তৈরি করে, ধানের চারা রোপণ করে। উপজেলায় প্রায় ১০০ হেক্টর বীজতলা রয়েছে। ১ হাজার ৩৩৮ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদ হয়। প্রতি হেক্টরে প্রায় ৩.৭৮ মেট্রিক টন চাল উৎপাদন হয়। "এখন খালে পানি না আসায় এই উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে", বলেন সাইফুল। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ১৮ লাখ ৮ হাজার ৮০০ টাকা ব্যয়ে এ সেতুর নির্মাণ কাজ তদারকি করছে ফরিদগঞ্জ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ। বিভাগের কর্মকর্তা মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুর নিচের অংশের কাজ শেষ হওয়া মাত্রই বাঁধ কেটে দেওয়া হবে। ফেব্র"য়ারি মাসেই এ সেতুর নির্মাণ শেষ করতে চেষ্টা চালাচ্ছেন তারা। সেতু নির্মাণের ঠিকাদার মো. ওহিদ মিয়া বলেন, "কৃষকরা আমাদের ভাই-বন্ধু। সেতু নির্মাণ করতে গিয়ে যে বাঁধ দেওয়া হয়েছে, তা দ্রুতই তা কেটে দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.