ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মরণাপন্ন ব্যক্তির রোগযন্ত্রণায় প্রশমনসেবার (প্যালিয়েটিভ কেয়ার) পরিধি বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'প্রশমনসেবা ও জনস্বাস্থ্য' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, "দুরারোগ্য ব্যাধিতে ভোগা মরণাপন্ন রোগীদের যন্ত্রণা প্রশমনে প্রতিটি মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে সেবাকেন্দ্র স্থাপন করা উচিত।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ ও ভারতের ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিন আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশের ৩০০ চিকিৎসক ও বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, প্রশমনসেবা বা প্যালিয়েটিভ কেয়ার মরণাপন্ন রোগীদের যন্ত্রণা লাঘব করে। দুরারোগ্য ব্যাধির শেষ পর্যায়ে মরফিন ড্রাগ ব্যবহার করে যন্ত্রণা প্রশমন এবং রোগীকে শারীরিক ও মানসিকভাবে রোগের সঙ্গে যুদ্ধ করতে সহায়তা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/জেকে/২১৫২ ঘ.
bdnews24