২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে চান সুরঞ্জিত

বিচারকদের অভিসংশন বা অপসারণের ক্ষমতা সংসদের হাতে রাখতে প্রয়োজনে '৭২-এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করা হবে বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারকদের অভিসংশন বা অপসারণের ক্ষমতা সংসদের হাতে রাখতে প্রয়োজনে '৭২-এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করা হবে বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ঝিগাতলায় নিজের বাসায় সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানের ৯৬ অনুচ্ছেদ বাদ দিলে এর মৌল কাঠামোতে আঘাত আসবে। কাঠামো বজায় রাখার জন্য সংসদের মাধ্যমে ৯৬ অনুচ্ছেদ পুনরুজ্জিবিত করা হবে। এর ফলে সংসদের মাধ্যমে বিচারকদের অভিসংশন বা অপসারণ করার বিধান থাকবে। ৯৬ অনুচ্ছেদ বাদ দিয়ে '৭২-এর সংবিধানে ফিরলে বিকলাঙ্গ সংবিধানকেই উপস্থাপন করা হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সামরিক ফরমানবলে যা কিছু করা হয়েছে- পঞ্চম সংশোধনীর সব কিছুই অবৈধ ও অসাংবিধানিক বলে বাতিল করেছেন প্রধান বিচারপতিই। তবে কেন ৯৬ ধারা পুনরুজ্জীবিত করলেন না? কারণ ৯৬ ধারা পুনরুজ্জীবিত করলে জজ সাহেবদের অভিসংশনের বা অপসারণের বিষয়টি আসবে।" এখন এই কাজটি সংসদ করবে বলে মন্তব্য করেন সুরঞ্জিত। এর আগে গত ২০ ডিসেম্বর সুরঞ্জিত সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটি চাইলে যে কোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে-এমন একটি আইনের খসড়া তৈরি করা হচ্ছে। তার ওই বক্তব্যের পর সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহিতা নিয়ে বিতর্ক শুরু হয়। ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় বিচারকরা এ বিষয়ে তাদের মত প্রকাশ করেন। সভায় বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়। সভার চূড়ান্ত সিদ্ধান্তে বলা হয়েছে, "অধস্তন আদালতের শৃঙ্খখলা ও নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শের জন্য সরকারের কাছ থেকে অনুরোধ করা হলে এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র ও স্বাধীন কর্ম প্রক্রিয়ায় ও আবশ্যকতা অনুযায়ী পরামর্শ দিয়ে থাকে। তবে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার স্বার্থে সুপ্রিম কোর্টের কোনো কার্যক্রম সম্পর্কে সংসদীয় স্থায়ী কমিটি বা অন্য কারো নিকট সুপ্রিম কোর্টের জবাবদিহিতা নেই।" চলমান এ বিতর্কের প্রেক্ষাপটে গত ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এক অনুষ্ঠানে বলেন, সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ কেউ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। বরং সবার জবাবদিহিতা জনগণের কাছে। প্রধান বিচারপতির এ বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত শুক্রবার সাংবাদিকদের বলেন, "বিচারপতির এ ধরনের বক্তব্য অসঙ্গতিপূর্ণ ও ক্ষমতার ভ্রান্তি বিলাস হয়ে গেলো না? প্রজাতন্ত্রের রাষ্ট্রে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। '৭২-এর সংবিধানে দুর্নীতি বা নৈতিক স্খলনের কারণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন, পিএসসি সবার ক্ষেত্রে ইমপিচমেন্ট বা অপসারণের কথা বলা হয়েছে। আর তা হবে সংসদের মাধ্যমে।" সামরিক শাসক জিয়া ও সে সময়ের প্রধান বিচারপতি এ এস এম সায়েম সংবিধানের ৯৬ অনুচ্ছেদ বাতিল করেছে উলে