চুয়াডাঙ্গা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মা ও মেয়েসহ তিনজন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে।
আহত হয়েছে আরো একজন।
শুক্রবার দুপুরের আগে জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি।
নিহতরা হলেন- উপজেলার সরাবাড়িযা গ্রামের রিজিয়া খাতুন (৪০), তার মেয়ে লিপি (১) ও বাটিকাডাঙ্গা গ্রামের আজিজুল হক (৬০)।
আহত হয়েছে রিজিয়ার ছেলে আরিফুল হক (৮)। তকে জীবননগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জীবননগর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, হতাহতরা সরাবাড়িয়া গ্রাম থেকে রিকশাভ্যানে করে আন্দুলবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন।
বেলা সাড়ে ১১ টার দিকে আন্দুলবাড়িয়া বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আরোহীরা রাস্তার ওপর ছিটকে ট্রাকের নিচে পড়ে।
ওসি জানান, পুলিশ ট্রাকটি আটক ও চালক তৈয়বকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24