২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তির পক্ষে-বিপক্ষের পাহাড়িদের বন্দুকযুদ্ধ ও হামলায় নিহত ৪

রাঙামাটির জুড়াছড়ি উপজেলার দুর্গম মৈদং ইউনিয়নে পার্বত্য শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের পাহাড়িদের মধ্যে বন্দুকযুদ্ধে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

রাঙামাটি, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির জুড়াছড়ি উপজেলার দুর্গম মৈদং ইউনিয়নে পার্বত্য শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের পাহাড়িদের মধ্যে বন্দুকযুদ্ধে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে মারা যান আরো একজন। এরমধ্যে জুড়াছড়িতে সংঘর্ষ হয়েছে শুক্রবার ভোরে এবং কাপ্তাইয়ে হামলা হয়েছে একইদিন সকাল ৭টায়। জুড়াছড়ির মৈদং ইউনিয়নের বস্তিপাড়া এলাকায় শুক্রবার ভোর ৪টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘাত বাঁধে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, বস্তিপাড়া এলাকায় চুক্তি পক্ষের জনসংহতি সমিতির সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় চুক্তিবিরোধী ইউপিডিএফ। ওই সময় দুই পক্ষের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। জুড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, নিরঞ্জন নামে একজনকে অপহরণের চেষ্টা হলে সেখানে সংঘাত বাঁধে বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে দুপুরে জানান তিনি। এরা হলেন- রতন চাকমা (২২), কালাচাঁন চাকমা (৩৬) ও নিরঞ্জন চাকমা (২৭)। এরা পার্বত্য শান্তি চুক্তির পক্ষের সমর্থক। প্রশাসনের পক্ষ থেকে তিন জনের মৃত্যু নিশ্চিত করা হলেও স্থানীয়রা বলছে, নিহতের সংখ্যা এর বেশি। এ বিষয়ে জুড়াছড়ি থানার ওসি রফিকুল ইসলাম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে। সেখানে নদী পথে যেতে হয়। তাই পুলিশ রওনা হলেও যেতে সময় লাগছে।" এ বিষয়ে জানতে চুক্তির পক্ষের সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আমাদের সদস্য ও গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করেছে।" তবে হতাহতের বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো বিষয় তার জানা নেই। এদিকে সকাল ৭টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবছড়ি গ্রামে প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক বিনোদ চাকমা নিহত হন। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার ওসি রফিকউল্লাহ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুড়াছড়ি ও কাপ্তাইয়ে নিহত চার জন তাদের সমর্থক দাবি করেছে। বিজ্ঞপ্তিতে নেতারা এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেন। এ ব্যাপারে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ঘটনা দু'টি জনসংহতি সমিতির আভ্যন্তরীণ কোন্দলের জেরে হয়েছে বলে দাবি করেন। এতে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পিসিজেএসএস বিক্ষোভ ও সমাবেশ করেছে। জনসংহতি সমিতির নেতা বোধিসত্ব চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নিলোৎপল খীসাসহ অন্যান্য নেতারা। এক যুগ আগে জনসংহতি সমিতির সঙ্গে সরকারের শান্তি চুক্তির পর সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পাহাড়িরা। তবে ওই সময় চুক্তির বিরোধিতাকারী পাহাড়িরা গড়ে তোলে ইউপিডিএফ সংগঠনটি। পরে দুই পক্ষের সংঘাতে পাহাড়ে অনেক রক্ত ঝরেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/ডিডি/২০০০ ঘ.