নীলফামারী, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টার এই সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে একশ' জন আহত হয়েছে।
সংঘর্ষে স্থানীয় লোকজন জড়িয়ে পড়লে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রায় আড়াইশ' রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে।
সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, ছাঁটাই করা শ্রমিককে পুনর্বহাল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে পুলিশ জানিয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত টানা চার ঘণ্টা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিক-জনতা। এসময় সড়কের উভয় পাশে ঢাকা-চিলাহাটী ও চিলাহাটী-ঢাকা রুটের শত শত যানবাহন আটকা পড়ে।
দুপুর ১টার দিকে র্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে।
আবারো সংঘাত এড়াতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ কে এম আমিনুর রহমানের নেতৃত্বে ইপিজেড এলাকায় র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নূর আহমেদ সাংবাদিকদের জানান, সকাল থেকে হঠাৎ করে উত্তরা ইপিজেড'র উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
এসময় তারা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখে। ইপিজেডের অন্যান্য কোম্পানির শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে তারা বাধা দেয়। এ নিয়ে উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকদের সঙ্গে অন্যান্য শ্রমিকদের শুরু হয় কথা কাটাকাটি।
এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় হাতাহাতি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে স্থানীয় লোকজনও যোগ দেয়। তারা পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
পুলিশ কর্মকর্তা জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ব্যর্থ হয়।
এ সময় পুলিশ ১৫০ রাউন্ড রাবার বুলেট এবং ৯৫ রাউন্ড কাঁদানে গ্যাস শেল ছোড়ে।
তিনি জানান, শ্রমিক-জনতার নিক্ষিপ্ত ইটের আঘাতে আহত হয়েছেন নীলফামারী সদর থানার ওসি নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক বদরুজ্জোহা, কনেস্টেবল আব্দুল হানিফ, রাঙ্গা মিয়াসহ আরো কয়েকজন।
আহতদের অন্যদের মধ্যে আছেন- উত্তরা ইপিজেড'র শ্রমিক স্বপন (২২), আনিছুর রহমান (২১), রফিকুল ইসলাম (২৩), আয়নাল হোসেন (২২), রশিদুল ইসলাম (২৪), আব্দুল খালেক (২৩) ও আলমসহ (২১) কমপক্ষে ৫০জন।
তারা ইপিজেড হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
গ্রেপ্তারা করা ছয়জন হলেন- সদর উপজেলার বড় সংগলশী গ্রামের আব্দুস সালাম (১৮), বড় সংগলশী হাজিপাড়ার আশিকুর রহমান (১৮), উত্তর দীঘলডাঙ্গীর রফিকুল ইসলাম (২৫), বড় এলংমারী গ্রামের মোস্তাফিজুর রহমান (২৮), বসুনিয়াপাড়ার আফজাল হোসেন (২৮) ও পূর্ব হাশিমপুর গ্রামের ভবতোষ চন্দ্র রায় (২৬)।
উত্তরা ইপিজেড'র মহাব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, উত্তরা সোয়েটার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকরা আজকের অসন্তোষের জন্য দায়ী। তবে এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24