নড়াইল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'নড়াইল এক্সপ্রেস' মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপের দলে না নেওয়ার প্রতিবাদে নড়াইলে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
আগেরদিন মাশরাফিকে ছাড়াই বাংলাদেশের ১৫ জনের দল ঘোষণা করা হয়। মাশরাফিকে দলে না নেওয়ার কারণ হিসেবে নির্বাচকরা বলেছেন, মাশরাফি চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি।
এ খবরে দুপুরে বিক্ষোভ ও কোচের কুশপুত্তলিকা দাহের পর সন্ধ্যায় পূর্ণদিবস হরতালের ঘোষণা দেয় 'নড়াইলবাসী'।
সুলতান মেলার কারণে শেষ পর্যন্ত অর্ধদিবস পালিত হয় হরতাল।
বৃহস্পতিবার হরতালের সমর্থনে সকালে রাস্তায় নেমে আসে নড়াইলের সাধারণ জনগন। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায়। সকাল ১১ টার দিকে বিক্ষোভকারীরা শহরের ভওয়াখালীতে দুটি ট্রাকও ভাঙচুর করে।
হরতালের সমর্থনে শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও দূরপাল্লার বাস চলাচল ছিলো বন্ধ।
জেলা বাস মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, "মাশরাফি আমার জেলার ছেলে, আমাদের আপনজন। তাকে অযৌক্তিকভাবে দলের বাইরে রাখার প্রতিবাদে ডাকা হরতালে আমরা সমর্থন জানিয়ে বাস চলাচল বন্ধ রেখেছি।"
হরতারের সমর্থনে জেলার আইনজীবীরাও আদালত বর্জন করেন।
নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বলেন, "মাশরাফিকে দলে না নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এই সিদ্ধান্তের প্রতিবাদে নড়াইলের আইনজীবীরা আজ আদালত বর্জন করেছেন।
এদিকে, সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন বিষয়ে নড়াইলবাসীর পক্ষে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকালে নড়াইলে শুরু হচ্ছে সুলতান মেলা। এ কারণে সকাল-সন্ধ্যার পরিবর্তে অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে।"
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. আসলাম বলেন, শহরের জীবনযাত্রা স্বাভাবিক ছিলো। তবে দুপুরের দিকে কে বা কারা দুটি ট্রাকে ইট ছুড়ে মারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৭১৫ ঘ.
bdnews24