২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসসি'র এজিএম: ১০শতাংশ লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পরিষদের ৩৩ তম বার্ষিক সাধারণ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 06:22 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পরিষদের ৩৩ তম বার্ষিক সাধারণ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর একটি হোটেলে বিএসসি'র পরিচালনা পরিষদের সভাপতি নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী গত দুই বছরের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০০৯-১০ অর্থবছরে বিএসসি মোট ১৩ কোটি ৩৪ লাখ টাকা মুনাফা করেছে। অথচ ২০০৮-০৯ অর্থবছরে লোকসান হয়েছিল ১০কোটি ২৬ লাখ টাকা। সরকারের উদ্যোগের কারণেই বিএসসি লাভের মুখ দেখেছে। সভায় শেয়ার হোল্ডারদের জন্য ২০০৯- ১০ অর্থবছরে ১০শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। লভ্যাংশ প্রদানের জন্য শেয়ার হোল্ডাররা বিএসসি'র প্রশংসা করলেও গত ২০ বছরে কোনো নতুন জাহাজ কিনতে না পারা, লোকবল সংকট ও অন্যান্য বিষয় নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে সাতজন সভায় বক্তব্য রাখেন। তারা লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি, পুরনো জাহাজ বিক্রি করে নতুন জাহাজ কেনাসহ বিভিন্ন দাবি জানান। পরে বিএসসি'র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মকসুমুল কাদের বলেন, "জরুরি ভিত্তিতে ছয়টি জাহাজ কেনার জন্য চারটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী তিন মাসের মধ্যেই ঢাকায় ৪৫ দশমিক ৮২ কোটি টাকা ব্যয়ে ২৫ তলা নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হবে।" সভা পরিচালনা করেন বিএসসির সচিব গোলাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নান হাওলাদার, বিএসসি'র নির্বাহী পরিচালক (অর্থ) গোলাম মাওলা, নির্বাহী পরিচালক (বাণিজ্য) মোস্তফা কামাল উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক (মনিটরিং সেল) ড. চৌধুরী সালেহ আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/এইচএ/২৩৫৬ ঘ.