২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সার বোঝাই ট্রলারডুবি

বরিশালের কীর্ত্তনখোলা নদীতে সার বোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

বরিশাল, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের কীর্ত্তনখোলা নদীতে সার বোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে নদীর কেডিসি ঘাটে এই দুর্ঘটনা ঘটে। বরিশালের পাঁচজন ডিলার বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) গুদাম থেকে সার উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন। ট্রলারটিতে ১২ মেট্রিক টন ইউরিয়া ও মিউরেট অব পটাশ ছিলো বলে সংশ্লিষ্টরা জানান। এই ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় দুই ডিলার আলাদা দুটি সাধারণ ডায়েরি করেছেন। সার ডিলার মো. রশিদ সরদার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে বিএডিসি'র গুদাম থেকে ১২ মেট্রিক টন সার এমভি আল্লাহ রাখ্খা নামের একটি ট্রলারে উঠানো হয়। এতে ঝালকাঠির মেসার্স বেঙ্গল স্টোর, তন্নী এন্টারপ্রাইজ, পিরোজপুরের খান এন্টারপ্রাইজ, খান অ্যান্ড সন্স ও ভান্ডারিয়ার মোহাম্মদিয়া নামের পাঁচ ডিলারের সার ছিলো। ট্রলার চালক মো. রিপন জানান, নদীতে ভাটা থাকায় ট্রলারটি একদিকে কাত হয়ে ছিলো। ভোররাতে এর পাশ দিয়ে একটি লঞ্চ যাওয়ার সময় টেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। বিএডিসির যুগ্ম পরিচালক হারুন-অর-রশিদ পাটোয়ারী বলেন, মঙ্গলবার বিকালে ডিলাররা সার উত্তোলন করেন। ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.