২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চারদিনের সফর শেষে বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চারদিনের সফর শেষে বুধবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী 'ইতিহাদ এয়ার ওয়েজ'র একটি বিমানে বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত ছিলেন। এই সফরে আবুধাবিতে চতুর্থ বিশ্ব 'ভবিষ্যৎ জ্বালানি শীর্ষ সম্মেলন (ডব্লিউএফইএস) ২০১১'র উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে কার্বনমুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য আত্মকেন্দ্রিকতা ও ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, 'বিশ্বকে কার্বনমুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এ ব্যাপারে আমরা আবুধাবীর পথ অনুসরণ করতে পারি।' শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। চার দিনের সফরে শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বৈতকর পরিহার চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া তিনি দু দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশন (বিসিসিআই) এবং ইউএই ফরেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএইএফসিসিআই)'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটি স্কুল অডিটোরিয়ামে এক নাগরিক সংবর্ধনায় এবং জায়েদ ফিউচার এনার্জি পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও হোটেল আমিরাতে এক নৈশভোজে যোগ দেন। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাসান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ, জ্বালানি সচিব মো. মেজবাউদ্দিন এবং বিদ্যুৎ বিভাগের সচিব এম আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএমস/জেকে/২১১৭ ঘ.