ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সম্পর্কের' এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগে ঘটনার ১৫ দিন পর আব্দুল আজিজ নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
চট্রগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বটতলী এলাকার একটি বাসা থেকে সোমবার মধ্যরাতে আজিজকে গ্রেপ্তার করে ঢাকায় আনে র্যাব-৩। মঙ্গলবার বিকালে র্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তারের খবর জানানো হয়।
হত্যাকাণ্ডের শিকার দিলরুবা নামের ওই নারীর লাশ গত ২ জানুয়ারি ঢাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, কক্সবাজারের চকরিয়া থানার ডুলহাজরার কাটাখালি গ্রামের আব্দুল আজিজের সঙ্গে একই গ্রামের দুই জমজ কন্যা সন্তানের জননী দিলরুবা নামের এক নারীর 'সম্পর্ক' হয়। দিলরুবার স্বামী সৌদি প্রবাসি।
আজিজের উদ্ধৃতি দিয়ে র্যাব জানায়, গত বছর ২৮ ডিসেম্বর তারা ঢাকায় এসে ফকিরাপুলের জোনাকী হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। গত ২ জানুয়ারি রাতে হোটেল কক্ষে দিলরুবা বিয়ের প্রস্তাব দেন। বিয়ে না করলে তিনি ঢাকা ছেড়ে যাবেন না বলেন আজিজকে।
এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে আজিজ দিলরুবার গলা চেপে ধরলে শ্বাসবন্ধ হয়ে দিলরুবা মারা যান বলে র্যাবকে জানিয়েছেন আজিজ। পরে তিনি বাইরে থেকে তালা লাগিয়ে হোটেল ছেড়ে চলে যান।
র্যাব কর্মকর্তারা জানান, গত ২ জানুয়ারি হোটেল থেকে লাশ উদ্ধারের পর দেখা যায় হোটেল রেজিস্টারে যে নাম ও ঠিকানা লেখা রয়েছে তা ভুয়া। পরে এ সংক্রান্ত খবর প্রচার হলে আত্মীয়-স্বজন দিলরুবার পরিচয় নিশ্চিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১১৬ ঘ.
bdnews24