২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্ঘটনা রোধে বাস-ট্রাকের গতি নিয়ন্ত্রণ করা উচিত'

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে আয়োজিত শোক সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দূরপাল্লার বাস- ট্রাক নিয়ন্ত্রণহীন গতিতে চলাচল করে। দুর্ঘটনা রোধে এর নিয়ন্ত্রণ করা উচিত। এটা কিভাবে করার যায় তা দেখা হবে।" নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ পুলিশ সদস্যের স্মরণে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই শোক সভা এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, পুলিশের সমন্বয়ক ফণিভুষণ চৌধুরী এবং ফ্যামিলি ইউনিটি এগেইনস্ট রোড একসিডেন্ট নামের একটি সংগঠনের আহবায়ক একরাম হোসেন। এই সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন। তিনি বর্তমানে সম্মিলিত হাসপাতালে চিকিৎসাধীন আছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যদি প্রয়োজন হয় তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "সড়ক দুর্ঘটনার ব্যাপারে বিভিন্ন সংস্থার গাফিলতি রয়েছে। পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয় এবং বিআরটিএ'র মতো প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকলে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব।" তিনি হাইওয়ে পুলিশকে আরো আধুনিক করার ওপর গুরুত্ব আরোপ করেন। হাসান মাহমুদ খন্দকার এবং একরাম হোসেন সড়ক দুর্ঘটনা সংশ্লিষ্ট আইন ও ট্রাফিক আইন সংশোধন করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৯০৭ ঘ.