২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি রফিকের কারাগারে ডিভিশনের নথি তলব

হত্যামামলার আসামি ওসি রফিকুল ইসলামের কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করা সংক্রান্ত নথিপত্র তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যামামলার আসামি ওসি রফিকুল ইসলামের কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করা সংক্রান্ত নথিপত্র তলব করেছে আদালত। মঙ্গলবার বিষয়টির ওপর শুনানি শেষে কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাকে কাগজপত্র নিয়ে আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম। কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলার আসামি ওসি রফিক কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ভোগ করছেন অভিযোগ করে গত ১২ জানুয়ারি রাষ্ট্রপক্ষ কারা কর্তৃপক্ষের প্রতি এর কারণ জানানোর আদেশ চেয়ে আদালতে আবেদন করে। জাসদ ছাত্রলীগের ঢাকা মহানগর কমিটির নেতা মোমিন হত্যামামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এসএম রফিকুল ইসলাম আবেদনটি করেন। একই বিচারক মঙ্গলবার এ আবেদনের ওপর দুই পক্ষের শুনানির জন্য দিন ঠিক করেন। ওদিকে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য এ আদালতে স্থানান্তরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ওসি রফিকের দাখিল করা রিট আবেদন সোমবার খারিজ করে দেয় বিচারপতি মো. ইমান আলী ও শেখ মো. হাসান আরিফের বেঞ্চ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার এ তথ্য জানান মামলার বাদির ব্যক্তিগত আইনজীবী আরিফুজ্জামান। পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি রফিককে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এর আগেও দেওয়া হয়েছিলো, যা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। গত ৬ জানুয়ারি আদালতে হাজিরা দিতে গিয়ে মামলার কার্যক্রম শুরুর আগে ওসি রফিককে দেখা যায় বারান্দায় মোবাইল ফোনে কথা বলতে। তখন তার হাতে হাতকড়াও ছিলো না। এক পর্যায়ে এজলাসে ঢুকে আইনজীবীদের আসনেই বসে পড়েন তিনি। এতে আইনজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে বিশেষ পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপরিদর্শক হাবিবুর রহমানকে ডেকে সতর্ক করে দেন। এর আগেও হাজিরা দিতে এসে আদালতের বারান্দায় মোবাইল ফোনে কথা বলে সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ ওঠে রফিকের বিরুদ্ধে। বন্দি আসামি হয়েও হাতকড়া ছাড়াই স্ত্রীকে সঙ্গে নিয়ে আদালতপাড়ায় কাঁচাবাজারেও দেখা যায় তাকে, যে ছবি সংবাদপত্রেও ছাপা হয়। তবে বুধবার ওসি রফিককে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর মোমিনকে তাদের উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে খুন করে দুষ্কৃতকারীরা। ওই খুনের ঘটনায় কাফরুল থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া যায়। ওই মামলায় হত্যার পরিকল্পনার অভিযোগ যোগ করে গত ২ জানুয়ারি ওসি রফিক ও শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজের বিরুদ্ধে আদালতে নতুন করে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪০১ ঘ.