ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে বৃহত্তর নোয়াখালীর সব পৌরসভায় নির্বাচন স্থগিত করে পুনর্র্নিবাচনের দাবি জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নোয়াখালীর পাশাপাশি চট্টগ্রামের সন্দ্বীপেও পুনর্র্নিবাচন চেয়েছে বিএনপি।
নজরুল বলেন, "নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের সব পৌরসভা ও সন্দ্বীপে নির্বাচনের নামে প্রহসন চলছে। সরকারি দলের ক্যাডাররা ভোট কেন্দ্র দখল করে যথেচ্ছ সিল মেরে ভোট ডাকাতির মহোৎসব করছে।"
স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও কোনো সাড়া মিলছে না বলে অভিযোগ করেন তিনি।
নোয়াখালীর সাতটি, লক্ষ্মীপুরের চারটি এবং ফেনীর তিনটি পৌরসভায় নির্বাচন হচ্ছে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮ পৌরসভার মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ১০ জেলার ৪২ পৌরসভায় এবং সিলেট বিভাগের ৪ জেলার ১৬ পৌরসভায় নির্বাচন হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24