চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে শিপইয়ার্ডে একটি পরিত্যক্ত জাহাজে বিস্ফোরণে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।
মঙ্গলবার সকালে সকাল সাড়ে ১০টার দিকে ম্যাক করপোরেশন ইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ প্রাণামে এ বিস্ফোরণ হয়। সীতাকুণ্ডের আবুল কাশেম এ ইয়ার্ডের মালিক।
অগ্নিদগ্ধ তিন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রচণ্ড শব্দে পরিত্যক্ত জাহাজটির বয়লার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় আশেপাশের ২-৩ কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
তিনি বলেন, "শুনেছি জাহাজটিতে ২০-২৫ জন শ্রমিক কাজ করছিল। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন এসে জাহাজ থেকে অগ্নিদগ্ধ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে।"
বেলা পৌনে ১২টা পর্যন্ত জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনাকবলিত শিপ ইয়ার্ডের বাইরে শ্রমিকদের পরিবার ও বিক্ষুব্ধ লোকজনের ভিড় জমেছে। তাদের সঙ্গে পুলিশ সদস্যদের কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/১২৪৫ ঘ.
bdnews24