২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে ৮ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ভোটার তালিকায় গড়মিলের কারণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 06:24 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

গাজীপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকায় গড়মিলের কারণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তালিকায় নাম ও ছবি বিভ্রাটের অভিযোগ প্রার্থী এবং তাদের এজেন্টদের কাছে পাওয়ার পর ওই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী জানিয়েছেন। দুপুরে নির্বাচন কমিশন এ সব কেন্দ্রে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়। রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবির মুরাদ ওই আট কেন্দ্রে নির্বাচন স্থগিত করে নতুন করে নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেন। যে সব কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়েছে সেগুলো হলো- ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা আইডিয়াল কিন্ডার গার্টেন, দেওয়ান আইডিয়াল কিন্ডার গার্টেন-১, দেওয়ান আইডিয়াল কিন্ডার গার্টেন-২ ও চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা আইডিয়াল কিন্ডার গার্টেন, পূর্ব চান্দরা আদর্শ কিন্ডার গার্টেন, পূর্ব চান্দরা জেনিথ পিএল কিন্ডার গার্টেন-১ ও পূর্ব চান্দরা জেনিথ পিএল কিন্ডার গার্টেন-২। সহকারী রিটার্নিং কর্মকর্তা শওকত সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রগুলোতে এজেন্টদের কাছে সরবরাহ করা তালিকা এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কাছে দেওয়া তালিকায় নামের ক্রমিক ও ছবিতে গড়মিল ধরা পড়েছে। ঢাকা বিভাগের যে ৬৩টি পৌরসভায় সোমবার নির্বাচন হচ্ছে, তার মধ্যে কালিয়াকৈর একটি। এ সব পৌরসভায় ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৩১৯ ঘ.