২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৬৩ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট চলছে

দেশব্যাপী পৌর নির্বাচনের তৃতীয় দিনে ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:31 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী পৌর নির্বাচনের তৃতীয় দিনে ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। সোমবার সকাল ৮টায় সব পৌরসভায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। তা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকাগুলোতে এ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিভাগীয় উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান সকাল সোয়া ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় এ বিভাগের সাত জেলার ১৩ পৌরসভায় সেনাবাহিনী এবং একটিতে বিডিআর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলে রয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি স্থানে বিধি ভঙ্গের জন্য কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যালট পেপার নিয়ে বেরিয়ে আসার সময় গোপালগঞ্জের টুঙ্গীপাড়া পৌরসভার ৪ নম্বর কেন্দ্র থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভারে ব্যাংক টাউনের অগ্রণী স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার সময় মোবাইল ফোনে কথা বলায় এক ভোটারের মোবাইল ফোন জব্দ করা হয়। সাভার পৌরসভার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ করা যায়। তবে শিল্প এলাকায় কারখানা শ্রমিকরা ছুটি শেষে কেন্দ্রে এলে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো ধরনের অনিয়ম ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। সহিংসতা ও গোলযোগ হলে সংশ্লিষ্ট পৌরসভার নির্বাচনও বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি। ভোটের দিন তাৎক্ষণিক বিচারের জন্য ইতোমধ্যে নির্বাচনী এলাকায় বিচারিক হাকিম ও নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছে। ইসি সচিবালয়ের উপ সচিব (পৌর) সৈয়দ খুরশিদ সাংবাদিকদের জানান, ভোটের দিন নির্বাচনী এলাকায় অনুমোদিত ছাড়া যে কোনো ধরনের যানবাহন ও নৌ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে মেয়র বা তার নির্বাচনী এজেন্ট প্রতি এলাকায় একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। কাউন্সিলররা তাও পারবেন না। ইতোমধ্যে দু'দফায় রংপুর ও রাজশাহী বিভাগে ১২ জানুয়ারি এবং খুলনা ও বরিশাল বিভাগে ১৩ জানুয়ারি পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, এখন পর্যন্ত মেয়র পদে জয়ী হওয়াদের মধ্যে বিএনপির সমর্থিতরা সরকারি দলের চেয়ে বেশি। ঢাকার পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভাগুলোতে নির্বাচন হবে। এছাড়া ২৭ জানুয়ারি আরো ১৪ পৌরসভায় নির্বাচন হবে। নির্বাচনী ও পোলিং এজেন্টদের জন্য বিশেষ ব্যান্ড ইসি কর্মকর্তা জানান, পৌরসভা ও ওয়ার্ডের ভোটাররা শুধু সংশ্লিষ্ট এলাকার এজেন্ট হতে পারবে। বহিরাগত কারো নির্বাচনী ও পোলিং এজেন্ট হওয়ার সুযোগ নেই। পৌর নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ও পোলিং এজেন্টদের জন্য বিশেষ আর্মড ব্যান্ড থাকছে। ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে এজেন্টদের দুই কপি ছবিসহ তালিকা জমা দিতে হবে। সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়া ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা ভোটকেন্দ্র ত্যাগ করতে পারবে না। ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)/সার্জেন্ট/এএসআই/হাবিলদারের নেতৃত্বে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হবে। সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী পাঁচজন পুলিশসহ ১৯ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী ছয়জন পুলিশসহ ২০ জন নিয়োজিত থাকবে। সার্বক্ষণিক পর্যবেক্ষক থাকতে পারবে না ইসির জনসংযোগ পরিচালক স্বপন কুমার ভৌমিক জানান, প্রত্যেক পর্যবেক্ষণ সংস্থা প্রতি দলে পাঁচ জন করে একাধিক ভ্রাম্যমাণ পর্যবেক্ষক দল নিয়োগ করতে পারবে। পর্যবেক্ষকরা স্বল্প সময় কেন্দ্রে অবস্থান ও কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে। তবে ভোটকেন্দ্রে বুথভিত্তিক কোনো সার্বক্ষণিক পর্যবেক্ষক দেওয়া যাবে না। কোনো অবস্থাতেই কোনো পর্যবেক্ষক ভোট প্রদানের স্থানে (মার্কিং প্লেস) প্রবেশ করতে পারবে না। যে সব পৌরসভায় নির্বাচন টাঙ্গাইল: টাঙ্গাইল, কালিহাতী, মির্জাপুর, সখিপুর, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল। ময়মনসিংহ: ময়মনসিংহ, ফুলপুর, মুক্তাগাছা, ত্রিশাল, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ভালুকা, গফরগাঁও। রাজবাড়ী: রাজবাড়ী, গোয়ালন্দ, পাংশা। ঢাকা: সাভার, ধামরাই। শেরপুর: শেরপুর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবর্দী। নরসিংদী: নরসিংদী সদর, মনোহরদী। নারায়ণগঞ্জ: সোনারগাঁও, তারাব। গোপালগঞ্জ: গোপালগঞ্জ, টুঙ্গীপাড়া, কোটালীপাড়া। গাজীপুর: কালিয়াকৈর। জামালপুর: জামালপুর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ। শরীয়তপুর: নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা। নেত্রকোনা: নেত্রকোনা, মোহনগঞ্জ, দুর্গাপুর, কেন্দুয়া। মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ, মীরকাদিম। মাদারীপুর: শিবচর, কালকিনি। ফরিদপুর: ফরিদপুর, নগরকান্দা, বোয়ালমারী। কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ, কটিয়াদী, ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, হোসেনপুর, করিমগঞ্জ এবং মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা। সেনা-বিডিআর মোতায়েন টাঙ্গাইল, কালিহাতি, ধনবাড়ী, মধুপুর, ময়মনসিংহ, সাভার, ধামরাই, নরসিংদী, মনোরহরদী, কালিয়াকৈর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ ও ভৈরব পৌরসভায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় থাকবে বিডিআর। ইসি কর্মকর্তারা জানান, ভোটের আগে-পরে পাঁচদিন দায়িত্ব পালন করবেন বিডিআর সদস্যরা। ভোটের আগে-পরে চার দিন সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঢাকা বিভাগে প্রার্থী ৩৭৮১ ইসি কর্মকর্তারা জানান, ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় মেয়রপদে ২৯৯ জন, সংরক্ষিত আসনে ৭৩৫ ও সাধারণ কাউন্সিলর পদে ২৭৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভাগুলোয় সমসংখ্যক মেয়র পদ ছাড়াও ৫৯৪টি সাধারণ ও ১৯৮টি সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে। এ বিভাগের ১৯ লাখ ৯৬ হাজার ৪২৮ ভোটারের জন্য সর্বমোট ৯৭৭ ভোটকেন্দ্র ও ৫হাজার ৮৯৬টি ভোটকক্ষ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এসআইএম/এমআই/১১৩০ ঘ.