নোয়াখালী, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে।
অসময়ে জালে আশাতীত ইলিশ ধরা পড়ায় জেলেরা মহাখুশি। একইসঙ্গে তাদের আনন্দ ও বিস্ময়ের শেষ নেই।
হাতিয়ায় মেঘনায় মাছ ধরতে আসা জেলেরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধারণত: শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন- এই তিন মাস ইলিশের ভরা মৌসুম। কিন্তু এবার অসময়ে জালে ধরা পড়ছে অনেক ইলিশ।
বয়ার চরের নুরুল হক মাঝি (৭০) জানান, গত ২০ দিন ধরে হাতিয়ায় মেঘনায় গড়ে ২/৩ হাজার মন ইলিশ ধরা পড়ছে। তমরদ্দি, জাহাজমারা, নিঝুমদ্বীপ, বন্দরটিলা, সন্দ্বীপ, ঢালচর, রামগতি, টাংকিঘাট, বোয়ালখালী ঘাট, চরলক্ষী ঘাট থেকে এইসব ইলিশ প্রতিদিন নৌ ও সড়ক পথে দেশের বিভিন্ন মাছের আড়তে যাচ্ছে বলে তিনি জানান।
মাছ বেপারী হেঞ্জুমিয়া, জমিদার বেপারী ও আলা উদ্দিন ব্যাপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ বছর ধরে তাঁরা মাছের ব্যবসা করে আসছেন। কিন্তু পৌষ মাসে এত ইলিশ আগে আর কখনও তাঁরা দেখেননি। তাঁরা জানান, এই অসময়ে এত ইলিশ পাওয়ায় অনেক ঋণগ্রস্থ জেলে ও ব্যবসায়ী দেনা পরিশোধ করতে পারছেন।
চেয়ারম্যান ঘাট ও টাংকী ঘাটের ব্যবসায়ীরা জানান, মাছ বেশী পাওয়ায় তাঁরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। আজাদ মাঝি জানান, এ বছর ভরা মৌসুমে ২৫/৩০ হাজার টাকা দামে প্রতি মন ইলিশ বিক্রি হলেও এখন তা ১০/১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা এজন্য ঢাকা-চট্টগ্রামের মাছের গদির মালিকদের দায়ী করেন।
সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা সুফি আহমেদ জানান, গত ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর এক মাসে প্রায় ১১০ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে, যা এখনও অব্যাহত আছে। তিনি বলেন, "সরকারের জাটকা নিধন কার্যক্রম ও ১০ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ কার্যক্রম সফল হওয়ায় এই অসময়ে এত ইলিশ ধরা পড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০৯ ঘ.
bdnews24