চাঁদপুর, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ ধরতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ তিন জেলের সন্ধান মেলেনি রোববারও।
গত ১২ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর থেকে তিন জেলে মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
এরা হলেন চুন্নু মিয়া প্রধানিয়া (৩৫) ও তার ভাতিজা রাসেল প্রধানিয়া (২২) এবং একই গ্রামের মোস্তফা বেপারী (৪০)।
উপজেলার নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিখোঁজ হওয়া জেলেদের উদ্ধারে অভিযান চলছে। কিন্তু তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
চুন্নু মিয়ার ভাই কাজল প্রধানিয়া জানান, গত বুধবার বিকালে মেঘনায় মাছ শিকারে যাওয়ার পর বৃহস্পতিবার সকালেই তাদের বাড়ি ফেরার কথা ছিলো।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ধারণা করছি শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় তারা পথ হারিয়েছেন।"
এ ঘটনায় কাজল প্রধানিয়া নীলকমল নৌ-পুলিশ ফাঁড়িতে একটি জিডি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩০০ ঘ.
bdnews24