২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ যাওয়ায় প্রতারণা ঠেকাতে আইন হচ্ছে

বিদেশে কাজের ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে সরকার একটি আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে কাজের ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে সরকার একটি আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার সকালে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন এাকাডেমি অডিটোরিয়ামে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, "জীবন ও জীবিকার প্রয়োজনে এদেশের মানুষ বসত বাড়ি সহায় সম্বল বিক্রি করে বিদেশে পাড়ি জমায়। কিন্তু বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতারণায় অনেকের স্বপ্ন বাস্তবায়িত হয় না।" তিনি জানান, এ সমস্যার সমাধানে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক করেছে। শফিক আহমেদ বলেন, "প্রতারণার মাধ্যমে এ দেশীয় শ্রমিকদেরকে বিদেশে নিয়ে অনেকে অমানবিক ও নিুমানের কাজ করতে বাধ্য করে। এটা প্রতিরোধে সরকার একটি আইন করতে যাচ্ছে।" মানব পাচার রোধে আইনগত কাঠামো তৈরিতে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, "মধ্যপ্রাচ্যের মত অগণতান্ত্রিক পরিবেশে নির্যাতনে কয়েদি মৃত্যুর অভিযোগে একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। অথচ নিজেদের গণতান্ত্রিক দাবি করলেও আমরা এধরনের মৃত্যু ঠেকাতে পারছি না।" অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার, মানবাধিকার কমিশনের সদস্য কাজী রেজাউল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেবি/এমআই/১৫২০ ঘ.