ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ১৩ ঘণ্টা এবং মাওয়া-কাওড়াকান্দিতে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল পৌনে ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
মানিকগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদুৎ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারাপার বন্ধ থাকার সময় মাঝ নদীতে প্রায় দুই হাজার যাত্রী ও ৮০টি যানবাহন নিয়ে সাতটি ফেরি নোঙর করা ছিলো।
এ সময় ঘাটের উভয় পাড়ে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিলো বলেও তিনি জানান।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ১১টায় মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
পারাপার বন্ধ থাকার সময় মাঝ নদীতে ছয়টি ফেরি নোঙর করা ছিলো।
দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় ঘাটের উভয়পাড়ে প্রায় পাঁচশ যানবাহন আটকা পড়ে জানিয়ে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ৯টায় পুনরায় ফেরি চলাচল শুরু হওয়ায় যানজট কমতে শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এজে/১১২৭ ঘ.
bdnews24