ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকটি স্থানে অনিয়মের অভিযোগের মধ্যে দেশব্যাপী পৌর নির্বাচনের দ্বিতীয় দিনে খুলনা ও বরিশাল বিভাগের ৪৯ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় সব পৌরসভায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়, তা চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে গণনাও শুরু হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়।
খুলনা ও বরিশাল বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় মোট ১০ লাখ ৬ হাজার ৩৫৭ ভোটার রয়েছে।
শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। খুলনার চালনা পৌরসভায় দুপুর ১২টার মধ্যেই ৩৮ শতাংশ ভোটার ভোট দেন বলে সেখানকার রিটার্নিং কর্মকর্তা মো. দৌলতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
খুলনা বিভাগে কোনো ধরনের গোলযোগ না হলেও বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ এবং ভোলার বোরহানউদ্দিনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
গৌরনদী ও মেহেন্দীগঞ্জে সরকার সমর্থকরা বিএনপি সমর্থকদের বাধা দিয়েছে বলে অভিযোগ বিরোধী দলের। ওই দুটি স্থানে পুনর্র্নিবাচন দাবি করেছে বিএনপি। বিএনপি সমর্থক প্রার্থীরা নির্বাচন বর্জনও করেছে।
বোরহানউদ্দিনে সরকার সমর্থক প্রার্থীর প্রতীকে সিলমারা ১০০টি ব্যালট উদ্ধার করা হয়। কয়েকটি স্থানে বিধি ভঙ্গের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।
বিএনপি প্রথম দিনের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দ্বিতীয় দিনে এসে অনিয়মের অভিযোগ তুলে ধরে।
মেয়াদোত্তীর্ণ আড়াই শতাধিক পৌরসভার মধ্যে বুধবার রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ভোট হয়। এতে বেসরকারি ফলাফলে বেশিরভাগ পৌরসভায় প্রধান বিরোধী দল বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে।
রংপুর ও রাজশাহী বিভাগের নির্বাচনী পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার বলেন, পরবর্তী পৌরসভাগুলোর নির্বাচনে ভোটাররা যেন বাধা না পায় সে বিষয়ে ইসি সজাগ। অন্য এলাকায়ও শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজশাহী ও খুলনার পর আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিভাগে, ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ২৭ জানুয়ারি বিভিন্ন স্থানের ১৪টি পৌরসভায় নির্বাচন হবে।
খুলনা-বরিশালে পৌরসভার প্রার্থী ২৫৬৫
খুলনা ও বরিশাল বিভাগে ৪৯টি পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৫৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনটি পদে খুলনা বিভাগে ৩০টি নির্বাচনযোগ্য পৌরসভায় ১ হাজার ৬২৯ জন এবং বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় ৯৩৬ জন।
খুলনায় ৩০ পৌরসভায় মেয়র ছাড়াও সাধারণ ওয়ার্ডে ২৭০টি কাউন্সিলর ও ৯০টি সংরক্ষিত আসনের কাউন্সিলর রয়েছে। এ বিভাগে মেয়র পদে ১৪০ জন, সংরক্ষিত আসনে ৩৬৪ জন এবং ১১২৫ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় মেয়র পদ ছাড়া সাধারণ ১৭১ ও সংরক্ষিত ৫৭টি কাউন্সিলর পদ রয়েছে। এ বিভাগে মেয়র পদে ৮৪ জন, সংরক্ষিত ২০৫ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যে সব পৌরসভায় ভোট হলো
খুলনা বিভাগ- মেহেরপুর, গাংনী, আলমডাঙ্গা, জীবননগর, দর্শনা, কুমারখালী, ভেড়ামারা, মিরপুর, খোকসা, যশোর, বাঘারপাড়া, নওয়াপাড়া, বেনাপোল, চৌগাছা, মনিরামপুর, কেশবপুর, শৈলকূপা, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর, সাতক্ষীরা, কলারোয়া, পাইকগাছা, চালনা, বাগেরহাট, মংলাপোর্ট, মোড়েলগঞ্জ, নড়াইল ও কালিয়া।
বরিশাল বিভাগ- ভোলা, লালমোহন, দৌলতখান, বোরহানউদ্দিন, পটুয়াখালী, কলাপাড়া, নলছিটি, পিরোজপুর, মঠবাড়ীয়া, স্বরূপকাঠি, মুলাদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, গৌরনদী, মেহেন্দীগঞ্জ, বরগুনা, পাথরঘাটা, বেতাগী ও আমতলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৬১৫ ঘ.
bdnews24