নীলফামারী, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে একটি ভোট কেন্দ্র থেকে ব্যালটভর্তি একটি বস্তা ছিনতাই হয়েছে।
ব্যালট ছাড়াও মুড়ি, সিলসহ নির্বাচন সামগ্রীর বস্তাটি ছিনতাই করেন পরাজিত এক কাউন্সিলর প্রার্থী।
বস্তা উদ্ধার ও এই প্রার্থীকে আটকের জন্য পুলিশ ১৪ রাউন্ড ফাঁকা গুলি করে। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এ কারণে নির্বাচনের ফল ঘোষনায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নূর আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, সৈয়দপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাশেম দুলু তার প্রতিদ্বিন্দ্বী তারিক আজিজের কাছে ৫৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।
ওই ওয়ার্ডের মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গোলজার হোসেন রাত ৯টার দিকে ব্যালট, মুড়ি, সিলসহ নির্বাচন সামগ্রীর বস্তা নিয়ে কেন্দ্র থেকে যাওয়ার সময় পরাজিত প্রার্থী আবুল কাশেম দুলু তা ছিনিয়ে নিয়ে পালাতে থাকেন।
এ সময় কর্তব্যরত পুলিশ বস্তা উদ্ধারে ১৪ রাউন্ড ফাঁকা গুলি কলে।
কিন্তু দুলুকে আটক ও বস্তা উদ্ধার করা সম্ভব হয়নি।
রিটার্নিং কর্মকর্তা সাবিনা আলম জানান, পৌরসভার ২৭টি কেন্দ্রের মধ্যে ২৪টিতে সৈয়দপুর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার ২৬ হাজার ২৩টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম পেয়েছেন ৯ হাজার ৩৯৩ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০১১২ ঘ.
bdnews24